
ফেনীর সোনাগাজী উপজেলায় যৌতুক ও নারী নির্যাতনের ঘটনায় করা মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ড পেয়েছিলেন মো. জাহিদুল ইসলাম (৫০)। সেই সাজা থেকে বাঁচতে ৮ বছর ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন তিনি। গতকাল সোমবার রাতে সোনাগাজীর কাজীরহাট এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
জাহিদুল ইসলাম উপজেলার চর দরবেশ ইউনিয়নের সেনেরখিল এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০১৫ সালে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ফেনীর আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। তিন মাস কারাগারে থাকার পর তিনি জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর আর আদালতে হাজির হননি তিনি। দীর্ঘ শুনানি শেষে আদালত ২০১৮ সালে মো. জাহিদকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।
সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রিমন চক্রবতী বলেন, ঢাকা ও চট্টগ্রামে আত্মগোপনে থাকায় জাহিদুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গ্রেপ্তার এড়াতে তিনি প্রায়ই স্থান পরিবর্তন করতেন। গোপন সূত্রের মাধ্যমে জাহিদুলের মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করেন তাঁরা। নম্বরের সূত্র ধরে গতকাল রাতে কাজীরহাট এলাকার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।