
নাটোরের লালপুর উপজেলায় জমিতে ধান কাটার সময় কাজল হোসেন (২১) নামের এক তরুণের শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে দর্বৃত্তরা। এতে তাঁর মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।
গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাজল হোসেন উপজেলার মোহরকয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনোয়ারুজ্জামান প্রথম আলোকে বলেন, এখনো মামলা করেনি ওই তরুণের পরিবার। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, দিনে প্রচণ্ড গরম থাকায় কাজল হোসেন গতকাল রাতে তাঁর নিজ জমিতে ধান কাটছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিনজন যুবক তাঁর মুখে ও শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
কাজল হোসেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কাজল হোসেনের বাবা লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, কী কারণে এবং কারা তাঁর ছেলের শরীরে অ্যাসিড ছুড়েছে, তা তিনি বুঝে উঠতে পারছেন না। ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। ছেলের সঙ্গে কথা বলে তিনি পুলিশে অভিযোগ দেবেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুরুজ্জামান শামীম বলেন, কাজল নামের ওই তরুণের মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।