রংপুর বিভাগ

চিকিৎসক–সংকটে ভোগান্তি

বিভাগে ৬৫টি সরকারি হাসপাতাল রয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

গাইবান্ধা ২০০ শয্যার জেনারেল হাসপাতাল। গত সোমবার তোলা ছবি
প্রথম আলো

রংপুর বিভাগে সরকারি বেশির ভাগ হাসপাতালে চিকিৎসক–সংকট রয়েছে। ফলে এসব হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে অনেক রোগী বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে ছুটছেন।

 রংপুর বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় সরকারি হাসপাতালের সংখ্যা ৬৫। এসব হাসপাতালে সেবাপ্রত্যাশীর সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ১০ হাজার ৯২৮। এর মধ্যে রংপুর ও দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে দুটি। ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় রয়েছে একটি করে ২৫০ শয্যার হাসপাতাল। নীলফামারীর সৈয়দপুর ও পঞ্চগড়ে আছে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল।

বিভাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংখ্যা ৫০। এর মধ্যে ৫০ শয্যার হাসপাতাল ৪৪ এবং ৩১ শয্যার ছয়টি। লালমনিরহাটের দহগ্রামে, নীলফামারীর বিশেষায়িত কুষ্ঠ হাসপাতাল ও রংপুরের তাজহাটে টিবি হাসপাতাল রয়েছে ২০ শয্যার। ১০ শয্যার হাসপাতাল রয়েছে গাইবান্ধার রামচন্দ্রপুর সদর ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়।

ওই হাসপাতালগুলোতে সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পদসংখ্যা ২ হাজার ৬৪৯। শূন্য রয়েছে ১ হাজার ২২০টি পদ। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের ৫৯৭ পদের মধ্যে শূন্য ৪০৪টি। চিকিৎসা কর্মকর্তা ও সহকারী সার্জনের ১ হাজার ৪৩৮ পদের মধ্যে ৪৭৫টি পদ শূন্য। 

 বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, ওই হাসপাতালগুলোতে চিকিৎসকের অর্ধেক পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এতে দুর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ।

গাইবান্ধার সুন্দরগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদসংখ্যা ৩৪। এর মধ্যে শূন্য রয়েছে ১৬টি পদ। চিকিৎসক–সংকটের কারণে এ হাসপাতালে অনেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। কিছুদিন আগে এ হাসপাতালে এসেছিলেন সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ফলগাছা গ্রামের ইয়াছমিন আরা (৩২)। তিনি বলেন, ‘বুকোত ব্যথা। আইজকাও ডাক্তারোক দেকপার আসিয়া ঘুরি যাওচুন। হাসপাতালটাত একজন ডাক্তার, শত মানুষ। কয়জনাক দেখে! এ্যালা মোক ক্লিনিক যায়া টাকা দিয়া ডাক্তার দেখা নাগবে।’

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল ফাত্তাহ বলেন, এখানে প্রায় অর্ধেক চিকিৎসকের পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

রংপুরের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ চিকিৎসকের মধ্যে শূন্য রয়েছে ১৪টি পদ। এ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কানিজ সাবিহা বলেন, চিকিৎসকের প্রায় অর্ধেক পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এ বি এম আবু হানিফ বলেন, রংপুর বিভাগে চিকিৎসক–সংকট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিয়োগের বিষয়টি চলমান প্রক্রিয়া। চিকিৎসক–সংকটের কারণে স্বাস্থ্যসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে মানুষ চিকিৎসা পাচ্ছেন।