খুলনা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান
খুলনা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপিপন্থীদের জয়

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। সভাপতি পদে জয় পেয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম (রশিদ)। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোল্লা মশিউর রহমান (নান্নু)।

গতকাল রোববার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন পরিষদের চেয়ারম্যান সেখ আবদুল আজিজ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ৬২৪ ভোট পেয়ে সভাপতি হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম; তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাচ্চু মিয়া পেয়েছেন ২৪৬ ভোট। ৫৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোল্লা মশিউর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সফিউল আলম পেয়েছেন ২৮৬ ভোট।

সহসভাপতি পদে মো. মহসিন চৌধুরী (৪২০) ও মোশারফ হোসেন (৪০৫), যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান (৪৬০), সম্পাদক (পাঠাগার) পদে জয়দেব কুমার সরকার (৪৮৫) এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা (৪৯৮) জয়লাভ করেছেন।

কার্যনির্বাহী পরিষদের সাত সদস্য পদে বিজয়ীরা হলেন শেখ সোহান ইসলাম (৬০২), শাজাহান ঠাকুর (৫৭৬), নারায়ণ কুমার মণ্ডল (৫২১), আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা (৫১১), শাকিরা ফেরদৌস রিমি (৪৯২), মোহাম্মদ আশিকুজ্জামান (৪৬৯) ও স্বর্ণালী দাস (৪৪৭)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৪টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী ও সম্মিলিত পরিষদ—এই ৪টি প্যানেলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ১ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।