চেতনানাশক দেওয়ার ২০ মিনিট পর শিকল ছিঁড়ে ছুটে গেল হাতিটি

রাজশাহীর তানোরে হাতি উদ্ধার অভিযান দেখতে মানুষের ঢল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বৈধ্যপুর গ্রামে
ছবি: প্রথম আলো

রাজশাহীর তানোরে হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যুর পর ঢাকা থেকে উদ্ধারকারী দল হাতিটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাতিটি আগের জায়গা থেকে সরে গেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে হাতিটি তানোরের বৈধ্যপুর কবরস্থানে অবস্থান নিয়েছে। দুপুর একটার দিকে হাতিটিকে চেতনানাশক দিয়ে অচেতন করা হয়। এর ২০ মিনিট পর হাতিটি শিকল ছিঁড়ে ছুটে যায়।

এদিকে গতকাল বুধবার দুপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাওয়া রামাপদ মুণ্ডার (৩৮) শেষকৃত্য রাতেই সম্পন্ন হয়েছে।

আজ বেলা একটার দিকে রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, তাঁরা চেতনানাশক দিয়ে হাতিটিকে অচেতন করতে সক্ষম হন।

তখন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন বলেন, হাতিটি কোথায় নিয়ে যাওয়া হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

এর ২০ মিনিট পর বেলা একটা ২০ মিনিটে হাতিটি শিকল ছিঁড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, হাতিটি পুরোপুরি অচেতন হয়নি। মাহুতের ভুলের কারণে হাতিটি শিকল ছিঁড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আবার হাতিকে চেতনানাশক দিতে হবে।

স্থানীয় লোকজন বলছেন, বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া, ধামধুম, ঝিনারপাড়া, ঝিনাইখোর, শিবরামপুর, ছাইদাড়া, তালুকদারপাড়া, খাগড়া কান্দর, ঘোলকন্দর ও বাধাইড় গ্রামের মানুষ এখন হাতি-আতঙ্কে ভুগছেন। বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জুমারপাড়া গ্রামের সাগর মুণ্ডা বলেন, হাতিটা যে জমির ভেতর দিয়ে গেছে, সেখান দিয়ে মনে হচ্ছে একটা গাড়ি চলে গেছে। তাদের গ্রামের মানুষের ফসলের অনেক ক্ষতি হয়েছে।