দিনাজপুরের নবাবগঞ্জ 

সংস্কার হচ্ছে না সড়ক কাম বাঁধ

৯ বছরেও বাঁধ কাম রাস্তাটির সংস্কার হয়নি। প্রায় ১৬টি গ্রামের মানুষ চলাচলে ভোগান্তি পোহাচ্ছে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে লোকজন। আবার বর্ষাকালে পানি প্রবেশ করারও আশঙ্কা রয়েছে। সম্প্রতি নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নে
 ছবি: প্রথম আলো

বর্ষা মৌসুমে করতোয়া ও ঘিল্লাই নদীর পানিতে ডুবে যেত বিস্তীর্ণ ফসলি মাঠ। নদীর পানিতে ভেঙে যেত গ্রামের মাটির বাড়িঘর। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের ছয় শতাধিক মানুষ ফসলি মাঠ ও গ্রামকে রক্ষায় গঠন করেন সমবায় সমিতি। গ্রামের ভেতরের রাস্তাটি হলো বাঁধ। বাঁচল মাঠের ফসল ও গ্রাম। কিন্তু ৯ বছরেও বাঁধ কাম রাস্তাটির সংস্কার হয়নি। এতে আশপাশের প্রায় ১৬টি গ্রামের মানুষ চলাচলে ভোগান্তি পোহাচ্ছে।

বাঁধটির অবস্থান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নে। বাঁধটি ইউনিয়নের দক্ষিণে মাঝিপাড়া থেকে শুরু হয়ে উত্তর–পশ্চিমে ভোটারপাড়া গ্রাম ও রাঘবেন্দ্রপুর বাজার হয়ে উত্তরে জয়দেবপুর মৌজার হাতিমারাপাড়া পর্যন্ত বিস্তৃত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে এলজিইডির অংশগ্রহণমূলক ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি বাঁধ নির্মাণ করা হয়। এ বাঁধে ৩টি স্লুইসগেট, ৩টি রেগুলেটর ও একটি কার্যালয় স্থাপন করা হয়। এতে বরাদ্দ ছিল ৩ কোটি ৩৫ লাখ টাকা।

এ বাঁধ নির্মাণের আগে সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম অনুযায়ী বাঁধের আশপাশের কয়েক গ্রামের মানুষকে নিয়ে ৬০০ সদস্যের একটি সমবায় সমিতি গঠনের পরামর্শ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে ‘পূর্ব জয়দেবপুর-কাঁচদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নামে একটি সমিতি গঠন করা হয়। সমিতির সদস্যরা প্রতি মাসে ২০০ টাকা করে চাঁদা জমা দেন। আর এসব টাকা সমিতির নামে অগ্রণী ব্যাংকের একটি যৌথ অ্যাকাউন্টে জমা হতো। ২০১৪ সালে গ্রাম ও মাঠের ভেতরে থাকা রাস্তার ওপরে বাঁধ নির্মাণ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, নদীভাঙন থেকে গ্রামকে রক্ষা করতে নদী ও গ্রামের পাশ দিয়েই বাঁধটি হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না করে গ্রামের ভেতরের রাস্তাটির ওপর মাটি ফেলে সেটিকেই বাঁধ হিসেবে দেখানো হয়। বাঁধ নির্মাণের পরের বছর সেটি একবার সংস্কারও করা হয়। এর পর থেকে সেই বাঁধে সরকারি উদ্যোগে কোনো সংস্কারকাজ হয়নি। এতে বাঁধ কাম রাস্তাটির অধিকাংশ জায়গা ভেঙে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত হয়েছে। আবার দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বাঁধের ওপরের মাটি সরে গিয়ে সেটি এখন সরু রাস্তায় পরিণত হয়েছে। আর এ কারণে ওই রাস্তা দিয়ে চলাচলে গ্রামবাসীর বেড়েছে চরম ভোগান্তি। তবে পাঁচ বছর আগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাঘবেন্দ্রপুর নবারুণ ক্লাব’–এর উদ্যোগে রাঘবেন্দ্রপুর বাজারের আশপাশে বন্যাকবলিত রাস্তাটির একাংশ সংস্কার করা হয়।

সমিতির উদ্যোগে বাঁধের সংস্কারসহ সুবিধাভোগীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা। তবে সেই কাজ করা হয়নি। এদিকে চলতি বছরের ১৬ মার্চ সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি এডহক কমিটি করে দিয়েছে উপজেলা সমবায় দপ্তর। আগের কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের ছেলে গোলাম মর্তুজাকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য জাকারিয়া আলম ও হুমায়ুন কবির ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তাঁরা দুজনও বিলুপ্ত কমিটির সভাপতির লোক বলে গ্রামবাসীর অভিযোগ।

রাঘবেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও পূর্ব জয়দেবপুর-কাঁচদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আমি ও আমার স্ত্রী সমিতির সদস্য। ক্যাশিয়ারের কাছে প্রতি মাসে ২০০ টাকা করে জমা করেছি। এখন ওই টাকার কোনো হদিস নেই। টাকা জমার রসিদ ও পাস বই সমিতির ক্যাশিয়ার জমা নিয়েছেন। সমিতির সব টাকা সভাপতি ও ক্যাশিয়ার ব্যাংক থেকে তুলে নিয়েছেন।’

এ বিষয়ে পূর্ব জয়দেবপুর-কাঁচদহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাবেক সভাপতি ও বিনোদনগর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে বলেন, ‘বাঁধ নির্মাণ শুরুর আগে প্রায় ৬০০ মানুষকে নিয়ে একটি সমবায় সমিতি করা হয়েছিল। সব সদস্য নিয়মিত টাকা জমা দেননি। আমি নিজেই কয়েকজন সদস্যের নামে টাকা জমা করেছি। ব্যাংক থেকে সমিতির টাকা তুলে নেওয়ার অভিযোগ মিথ্যা। ব্যাংকে ৩ বছর মেয়াদে ৫ লাখ ৯৭ হাজার টাকা এফডিআর করা আছে।’

নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, বাঁধটি সংস্কার করতে হলে অনেক বড় বাজেটের প্রয়োজন। উপজেলা পরিষদ থেকে এত বড় বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।