সোনাগাজীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় মিস্ত্রি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী উপজেলায় এক প্রবাসীর মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে (৪৩) ধর্ষণের অভিযোগে করা মামলায় সাইদুল হক (৪৬) নামের এক নলকূপ মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে প্রবাসীর গ্রামের বাড়ির গভীর নলকূপটি নষ্ট। ওই প্রবাসী ফোনে কল করে নলকূপ মিস্ত্রি মো. পারভেজকে নলকূপটি ঠিক করে দিয়ে আসতে বলেন। গত সোমবার দুপুরে পারভেজ তাঁর সহকারী সাইদুল হককে সঙ্গে নিয়ে নলকূপ ঠিক করতে প্রবাসীর বাড়িতে যান। নলকূপের কিছু যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় সেই যন্ত্রাংশ কেনার জন্য টাকা নিয়ে পারভেজ স্থানীয় বাজারে যান। এই ফাঁকে প্রবাসীর মানসিক ভারসাম্যহীন স্ত্রীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন সাইদুল হক। এ সময় ওই নারীর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে সাইদুল হক দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে সাইদুল হককে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, আজ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি সাইদুল হক ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন। তিনি বলেন, আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হবে।