সড়কের পাশে নালাগুলো আবর্জনায় ভর্তি। সামনের বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা।

বর্ষাকালে সড়কে কাদাজল, শুষ্ক মৌসুমে ধুলাবালু—এই ভোগান্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করছেন দিনাজপুর পৌরবাসী। দু-তিনটি রাস্তা বাদ দিলে শহরের সব কটি রাস্তায় বড় বড় গর্ত। পিচ উঠে গেছে। সড়কের ওপর রাস্তায় যত্রতত্র ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। সড়কের পাশে নালাগুলো ময়লায় ভর্তি। সামনের বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা তাঁদের।
পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখা যায়, শহরের লিলির মোড় থেকে বাহাদুর বাজার রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত। মডার্ন মোড় থেকে ঘাষিপাড়া, ছয়রাস্তার মোড়, বালুয়াডাঙ্গা—সব রাস্তায় ছোটবড় গর্ত। সিটি কলেজের সামনের রাস্তায় নির্মাণসামগ্রীর ময়লা পড়ে আছে। বর্ষায় এই রাস্তায় দুর্ভোগ বেশি হয়। ষষ্ঠীতলা থেকে অন্ধ হাফেজের মোড়, নিমতলা হয়ে খালপাড়ার রাস্তা, কালিতলা থেকে বড়বন্দর হয়ে বটতলী মোড়, রেল বাজার-ফকিরপাড়া-কালুর মোড় হয়ে বিআরটিসি বাসস্ট্যান্ড, চারুবাবুর মোড় হতে ক্ষেত্রীপাড়া, বটতলী হতে রাজবাটি সব কটি রাস্তা বেহাল। গর্তের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
শহরের মর্ডান মোড় এলাকার ব্যবসায়ী আনিসুল হক বলেন, কলেজ মোড় থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা বাদ দিয়ে শহরের কোনো রাস্তা ঠিক নেই। রাস্তাঘাটে এত ধুলাবালু যে চলাচল করাই মুশকিল। রাস্তা দিয়ে একটা গাড়ি যাবার পরে সব ধুলা উড়ে দোকানে আসে। মালপত্রে ধুলার স্তর। প্রতি একদিন পর পর ঝাড়ামোছা করতে হয়।
মির্জাপুর এলাকার ইজিবাইকচালক রুবেল ইসলাম বলেন, ‘শহরের রাস্তাঘাট এত খারাপ হই গেছে, ডাবল ভাড়া দিলেও কোন কোন রাস্তায় গাড়ি নিয়া যাই না। বেশি ঝাঁকুনি পেলে ব্যাটারির পানি পড়ে যায়। তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয়।’
দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৬৯ সালে। শুরুতে রাস্তাঘাট ছিল প্রশস্ত। কিন্তু কালের বিবর্তনে রাস্তাঘাটগুলো সংকুচিত হয়েছে। আবার এগুলোর সংস্কার করা হয় না। দিনাজপুর পৌরসভা ১৯৯০ সালে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পায়। বর্তমানে এর আয়তন ২৬ দশমিক ৫ বর্গকিলোমিটার। ১২টি ওয়ার্ডে ৩ লাখের বেশি মানুষের বসবাস। পৌর এলাকায় মোট রাস্তার দৈর্ঘ্য ১৮৭ দশমিক ১৪ কিলোমিটার। এর মধ্যে ১২২ কিলোমিটার পাকা আর কাঁচা রাস্তা ৪৪ কিলোমিটার। ৬ দশমিক ৭২ কিলোমিটার কংক্রিটের (আরসিসি) এবং ৬ কিলোমিটার ইট বিছানো।
পৌরসভার হিসাবমতে, পৌর এলাকায় নালা আছে ৫৫ হাজার ৯৮৭ মিটার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিটি ওয়ার্ডের নালা ভেঙে গেছে। ময়লা–আবর্জনায় ভর্তি হয়ে আছে। নালা দিয়ে পানি প্রবাহ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি উপচে পড়ে রাস্তায়। শহরের কালিতলা, বালুয়াডাঙ্গা, পুলহাট বিসিক, সুইহারি এলাকায় প্রায় সারা বছরই রাস্তায় জমে থাকে ময়লা পানি। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রেস্তোরাঁ ও হাসপাতাল–ক্লিনিকের ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলে রাখা হয়। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শহরবাসী।
পৌরসভার পয়োপ্রণালী শাখার তথ্য অনুযায়ী পৌর এলাকায় ময়লার ডাস্টবিন রয়েছে ১১৫টি। যার মধ্যে ১৬টি ডিপো। যেখানে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন শহরের ময়লা জমা করেন। রয়েছে ৯৮টি আবাসিক ডাস্টবিন। যেখান পৌর বাসিন্দারা বাড়ির ময়লা জমা রাখেন। আর শহরের মাতাসাগর এবং চক কাঞ্চন এলাকায় রয়েছে দুটি ময়লাগাড্ডা। যেখানে ডিপো ও আবাসিক ডাস্টবিনের ময়লা স্থায়ীভাবে জমা রাখা হয়। তবে স্থানীয় ব্যক্তিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত তিন বছর চক কাঞ্চন এলাকার ময়লা ফেলা বন্ধ রয়েছে।
ময়লার ফেলার ডাস্টবিনগুলো ভাঙাচোরা। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় রাস্তার মোড়ে মোড়ে ময়লা ফেলছেন অনেকেই। নালার মধ্যে গৃহস্থালির ময়লা ফেলার কারণে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। পৌরসভার পয়োপ্রণালী শাখার পরিদর্শক নাঈম হোসেন বলেন, পৌরসভায় সুষ্ঠু ময়লা ব্যবস্থাপনার জন্য সর্বনিম্ন ৩৫০টি ডাস্টবিন প্রয়োজন। সেখানে ডাস্টবিন আছে মাত্র ১১৫টি। তাও সব ভাঙ্গা। ময়লা পরিবহনের জন্য গাড়ির চাহিদা ১৫টি। আছে ৮টি। এর মধ্যে তিনটি নষ্ট।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম বলেন, এলজিইডির আওতাধীন কোভিড-১৯ প্রকল্পেঅর্থ বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে রাস্তা, ড্রেন, ডাস্টবিনসহ উন্নয়নমুলক কাজের জন্য সোয়া ২ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৩ দশমিক ৬৮ কিলোমিটার পিচের কার্পেটিং (বিসি), ৬ দশমিক ০৩ কিলোমিটার আরসিসি এবং ৩ দশমিক ১৭ কিলোমিটার নালা নির্মাণ কাজ হবে। কাজ বাস্তবায়ন করবে এলজিইডি।
টানা তিন মেয়াদে দিনাজপুর পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক। মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এ সম্পর্কে পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী বলেন, স্থানীয় সংসদ সদস্যের সহায়তায় মন্ত্রণালয় থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।