
ঢাকার কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় স্বাধীন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কাজল বলেন, ‘আমরা বেলা ৩টা ৪০ মিনিটে খবর পাই, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসটি পুরোনো ও অকেজো ছিল। সেটি সড়কের পাশে পার্ক করে রাখা হয়েছিল। আগুন দেওয়ায় বাসের সিটগুলো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, হরতাল চলাকালে বিএনপির সমর্থকেরা ঘাটারচরে একটি বাসে আগুন দিয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বিকেলে কেরানীগঞ্জের জিনজিরা আমিরাবাগ এলাকায় ঢাকা-নবাবগঞ্জ মহাসড়ক এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী। উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ওমর শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক ইশা খান প্রমুখ।
এদিকে হরতালের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। আজ দুপুরে কেরানীগঞ্জর কদমতলী এলাকায় এ মিছিল করা হয়। মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহসভাপতি মো. রানা, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ হোসেন, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, আগানগর ইউনিয়ন শ্রমিক লীগের নেতা ফরিদ হোসেন প্রমুখ।
আজ কেরানীগঞ্জে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে দক্ষিণাঞ্চল ও দূরপাল্লার বাসের চলাচল কম দেখা গেছে। বিএনপির হরতালকে কেন্দ্র করে কেরানীগঞ্জের কদমতলী, জনি টাওয়ার, ঘাটারচর, হাসনাবাদ, আবদুল্লাহপুর এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দীন কবীর বলেন, হরতালকে কেন্দ্র করে কেরানীগঞ্জে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।