নওগাঁয় আম ব্যবসায় চাঙা অর্থনীতি

হাটে আম বিক্রি করতে এসেছেন চাষিরা। গত শনিবার দুপুরে নওগাঁর সাপাহার আমবাজারে
ছবি: প্রথম আলো

কার্তিক সাহা ৪০ বছর ধরে আমের ব্যবসার সঙ্গে জড়িত। ২ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু। এরপর থেকেই চলছে তাঁর আমের ব্যবসা। লাভ হয়েছে, ব্যবসাও বাড়িয়েছেন। এখন এই ব্যবসায় তাঁর পুঁজি এক কোটি টাকারও বেশি।

নওগাঁর সাপাহার উপজেলার গোডাউনপাড়া এলাকায় কার্তিক সাহার বাড়ি। তাঁর মতো অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করে কোটি টাকার মালিক হয়েছেন অনেকে। সাপাহার জুড়ে এমন ব্যবসায়ী অনেক মিলবে। তাঁরা আম–বাণিজ্যের মাধ্যমে নিজেদের ভাগ্য যেমন ফিরিয়েছেন, তেমনি নওগাঁর সাপাহার, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর এলাকায় গড়ে তুলেছেন আমের অর্থনীতি। আর আমকে ঘিরে গড়ে ওঠা এই অর্থনীতির আকার প্রতিবছরই বাড়ছে।

নওগাঁয় আমের মৌসুমে ঠিক কত টাকার আম-বাণিজ্য হয় তাঁর সুনির্দিষ্ট তথ্য নেই স্থানীয় ব্যবসায়ী, প্রশাসন ও কৃষি বিভাগের কাছে। তবে বিভিন্ন ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর তিন হাজার কোটি টাকার আম-বাণিজ্যের আশা করছেন তাঁরা। এক দশক আগেও এ জেলায় আমকেন্দ্রিক বাণিজ্যের পরিমাণ ছিলো ২০০ থেকে ৩০০ কোটি টাকার মতো।

স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর নওগাঁয় ৫৫ হাজার ৪০০ আমচাষি ৩০ হাজার ৫০০ হেক্টর জমিতে আমের চাষ করেছেন। জেলার সাপাহার সদর আমহাট, পোরশা নোচনাহার ও মিনাবাজার আমবাজার এবং নিয়ামতপুরের আড্ডা আমবাজাসহ আমের ছোট-বড় ২০টি বাজারে আম ব্যবসার সঙ্গে জড়িত আড়তদার রয়েছেন পাঁচ শতাধিক। আমের বাগানে কর্মরত ব্যক্তি, আম পরিবহন, খুচরা পর্যায়ে বিক্রি মিলিয়ে আমের মৌসুমে আরও অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বছর জেলায় ৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ।

জেলায় সবচেয়ে বড় আমের হাট হলো সাপাহার আমের বাজার। এই বাজারে আমের আড়ত রয়েছে ২৫০টি। এরপরই আমের বড় বাজার পোরশার নোচনাহার আমবাজার। এই বাজারে আমের আড়ত রয়েছে ১৩০টি।

গত শনিবার দুপুরে সাপাহারের আমের বাজারে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে দিবর মোড় পর্যন্ত সাপাহার-নজিপুর সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে সড়কের দুই পাশে শত শত ভ্যানভর্তি আম নিয়ে অপেক্ষা করছেন চাষিরা। সড়কের পাশেই রয়েছে আমের আড়ত। দরদাম ঠিক হওয়ার পর এসব আম বিক্রি করছেন চাষিরা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, নওগাঁয় চাষ হওয়া আমের মধ্যে ৬০ শতাংশেরও বেশি আম্রপালি জাতের। এ জন্য আম্রপালি আম বাজারে ওঠার আগে এখানকার বাজারে তেমন জমে না। এ বছর চাষ হওয়া ৩০ হাজার ৫০০ হেক্টর আমবাগানের মধ্যে ১৮ হাজার হেক্টর বাগানই হচ্ছে আম্রপালি জাতের আম। জেলা প্রশাসনের ঘোষণা করা সময়সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে বাজারে উঠেছে আম্রপালি। এখন জমে উঠেছে এখানকার আমের বাজারগুলো।

সাপাহার আম আড়তদার সমিতির নেতারা বলছেন, আমচাষিদের কাছ থেকে আম আড়তে আসার পর সেগুলো চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ সময় আম পরিবহনের জন্য ট্রাকের চালক, তাঁর সহকারীরা ব্যস্ত সময় পার করছেন। বড় ও মাঝারি আকারের ট্রাকের পাশাপাশি ছোট ট্রাকেও আম দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে।

আমের মৌসুমে নওগাঁর সাপাহার ও পোরশায় অন্যান্য ব্যবসায়ও চাঙা হয়ে ওঠে। এখানকার হোটেল-রেস্তোরাঁগুলোতে বছরের তিন-চার মাস ব্যাপক বেচাকেনা হয়। কৃষিবিদেরা বলছেন, আমকে ঘিরে প্রতিবছর কীটনাশক, ছত্রাকনাশক, ভিটামিন, হরমোনসহ বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবসা হয় প্রায় ১০০ কোটি টাকার। এ ছাড়া আমের ক্রেট, চট, পুরোনো খবরের কাগজ ও কাগজের কার্টনেরও ব্যবসা বেশ হয়। কুরিয়ার কোম্পানিগুলোও বিভিন্ন অঞ্চলে আম পাঠিয়ে লাখ লাখ টাকা আয় করছে।

সাপাহার আম বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এই বাজারে আমের ভরপুর সময়ে প্রতিদিন ১৫ থেকে ২০ কোটি টাকার আম বেচাকেনা হয়। এ বছর আমের উৎপাদন ভালো। সাপাহার বাজারেই ১ হাজার ৫০০ কোটি টাকার আমের ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।