গ্রেপ্তারের তিন ঘণ্টা পর ছাড়া পেলেন খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির
ছবি: সংগৃহীত

সিলেটে গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর আগে আজ বেলা তিনটার দিকে খন্দকার আবদুল মুক্তাদিরকে বিমানবন্দর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়ে যোগাযোগ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস প্রথম আলোকে বলেন, মহানগরের কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় খন্দকার আবদুল মুক্তাদিরের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করার পর তিনি জামিনে আছেন বলে জানান। পরে তাঁর আইনজীবী থানায় গিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিলে তাঁকে (খন্দকার আবদুল মুক্তাদির) ছেড়ে দেওয়া হয়।

এদিকে খন্দকার আবদুল মুক্তাদিরের গ্রেপ্তারের খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা কোতোয়ালি থানায় গিয়ে ভিড় জমান। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রথম আলোকে বলেন, খন্দকার আবদুল মুক্তাদিরের জামিনসংক্রান্ত কাগজপত্র থানায় দেখালে তাঁকে ইফতারের ঠিক আগমুহূর্তে ছেড়ে দেওয়া হয়।