
হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার বেলা তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির সবাই মাইক্রোবাসের। এর মধ্যে চালকও রয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন, মাইক্রোবাসের চালক আপ্তাব (৩৮), নেত্রকোনা মদন উপজেলার সুরুজ আলীর স্ত্রী দিল বাহার (৪৫), একই এলাকার এমদুল হকের স্ত্রী হেলেনা বেগম (২২) ও লাল মিয়ার ছেলে মুরাদ মিয়া (১৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস বেশ কয়েকজন আরোহী নিয়ে মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময়ে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস একই মাইক্রোবাসকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক মারা যান। বাকিদের মৃত্যু হয় হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মদ জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় মাইক্রোবাস, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হন। হতাহত ব্যক্তিদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।