গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর শালবন থেকে মোহাম্মদ মুসা ওরফে রাফি (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর কালামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদ মুসা উপজেলার উত্তর কালামপুর এলাকার শামীম হোসেনের ছেলে।
পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ মুসা বাড়ির পাশে আজ সকালে খেলা করছিল। বেলা ১১টার দিকে মোহাম্মদ মুসাকে খেলা করতে না দেখে চাচা মো. আল আমিন তার বাবা শামীম হোসেন ও মা পোশাককর্মী রাবেয়া খাতুনকে খবর দেন। খবর পেয়ে তাঁরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে ব্যর্থ হন। পরে তাঁরা বিষয়টি কালিয়াকৈর থানার পুলিশকে জানান। সন্ধ্যার দিকে একই এলাকায় ভাড়া বাড়িতে বসবাসকারী মাহির উদ্দিন নামের এক যুবককে সন্দেহ হলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে দেন। তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ কালামপুর এলাকার শালবনের ভেতর থেকে মুসার লাশ উদ্ধার করে।
পুলিশ মুসাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহর উদ্দিন (৩৮) ও জালাল উদ্দিন (৪০) নামের দুজনকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, শিশুটিকে কেন বা কী কারণে হত্যা করা হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকা দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।