শ্বশুরবাড়ি যাওয়া হলো না শ্রীনিবাসের

বজ্রপাতে মৃত্যু
প্রতীকী ছবি

স্ত্রী, বাবা ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন শ্রীনিবাস বৈদ্য। কিন্তু তিনি আর শ্বশুরবাড়িতে যেতে পারেননি। এর আগেই শ্বশুরবাড়ি যাওয়ার পথে বজ্রপাতে তিনি মারা গেছেন। ওই বজ্রপাতে তাঁর বাবা ও স্ত্রীও আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার রমজান ইউনিয়নের চাঁদখালী গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া শ্রীনিবাস বৈদ্য (২৮) শ্যামনগর উপজেলার চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যের একমাত্র ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।

রমজান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল মাজেদ জানান, শ্রীনিবাস বৈদ্য তাঁর বাবা পরিমল বৈদ্য, স্ত্রী সুজতা রানী বৈদ্য (২২) ও এক বছর বয়সী মেয়ে নদী বৈদ্যকে নিয়ে সকাল ১০টার দিকে বিলের মধ্য দিয়ে হেঁটে শ্বশুরবাড়ি জেলেখালীতে যাচ্ছিলেন। তাঁর বাবা তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে একটু সামনে হেঁটে যাচ্ছিলেন। আর শ্রীনিবাস কিছুটা পেছনে ছিলেন।

এ সময় সেখানে আকস্মিক বজ্রপাত হলে শ্রীনিবাস মারা যান এবং তাঁর বাবা পরিমল বৈদ্য ও তাঁর স্ত্রী আহত হন। তাঁর বাবা এবং স্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, আকস্মিকভাবে বজ্রপাতে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হওয়া তাঁর বাবা ও স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁরা ভালো আছেন।