রংপুরের দুই সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বারে রোগীর উপস্থিতি কম

রংপুর জেলার মানচিত্র
রংপুর জেলার মানচিত্র

রংপুরের দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৈকালিক ‘প্রাইভেট চেম্বার’। কিন্তু তেমন প্রচার না থাকায় প্রথম দিনে হাসপাতালগুলোতে সেবা নিতে আসা রোগীর সংখ্যা কম ছিল।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৫৮টি উপজেলার মধ্যে রংপুরের বদরগঞ্জ ও গঙ্গাচড়া এবং দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক প্রাইভেট চেম্বার চালু করা হয়েছে। গতকাল বেলা তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ২০টি উপজেলা ও ১০টি জেলা সরকারি হাসপাতালে বৈকালিক প্রাইভেট চেম্বারের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাইনি, মেডিসিন ও শিশুবিশেষজ্ঞ তিন চিকিৎসক রোগী দেখেছেন। এ সময়ে তাঁরা সরকারনির্ধারিত স্বল্প ফি নিয়ে ১৫ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। এর মধ্যে পাঁচজন ছিল শিশু রোগী। গঙ্গাচড়ায় এ সেবা নিয়েছেন পাঁচজন রোগী।

গতকাল বিকেল চারটায় সরেজমিন বদরগঞ্জ হাসপাতালে দেখা যায়, মেডিসিন বিশেষজ্ঞ সুলতানা আসরাফী রোগী দেখছেন। তাঁর কক্ষ থেকে বের হয়ে আসেন আমরুলবাড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৭০)। জানতে চাইলে তিনি বলেন, ‘মোর বুকোত সমস্যা। ডাক্তারটা খুব ভালো। অনেক সমায় ধরি মোক দেকছে। ঐসোদ (ওষুধ) খায়া ১০ দিন পরে ফির দ্যাকা কইরবার কইছে। ডাক্তারি ফি নেছে ৪০০ ট্যাকা। এ্যার আগোত একবার রংপুর জায়া (গিয়ে) ক্লিনিকোত ডাক্তারোক দ্যাকাচনু, তখন ফি নিছিল এক হাজার ট্যাকা। তাও আইজকার মোতোন ভালো করি মোক দ্যাকে নাই। রংপুর যাওয়া আইসা দুইজনের খরচ নাগছিল ৭০০ ট্যাকা। এ্যালা বাড়ির গোড়তে হাসপাতালোত ভালো ডাক্তার বইসোচে। হামার জন্যে এটা খুব উপকার হইছে। খরচ কম নাগোছে।’

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরের শিশু জেনিকা ইসলামকে নিয়ে এসেছিলেন তাঁর মা জেনুফা সুলতানা। তিনি বলেন, আমার বাচ্চার জ্বর ও কাশি। হাসপাতালে ৪০০ টাকা ফি দিয়ে শিশুবিশেষজ্ঞকে দেখিয়েছেন। কোনো রোগীর ভিড় নেই। চিকিৎসক বেশ সময় ধরে তাঁর বাচ্চা দেখে পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের আচরণে তিনি খুব খুশি।
স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাকির মুবাশ্বির বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক অল্প ফি নিয়ে হাসপাতালে রোগী দেখছেন, প্রথম দিনে এটা অনেকে জানেন না। তেমন প্রচারও ছিল না। তাই রোগীর আগমন কম ছিল। জানাজানি হলে ভবিষ্যতে রোগীর সংখ্যা বাড়বে। তিনি আরও বলেন, হাসপাতালে সপ্তাহে কয়দিন বৈকালিক চেম্বার চালু থাকবে, তা রোববার বসে তাঁরা সিদ্ধান্ত নেবেন।

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার চালুর পর প্রথম দিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচজন রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে শিশু দুজন ও বয়স্ক তিনজন। একজন শিশুবিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ এ সেবা দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন জাহাঙ্গীর কবির, গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস।

আসিফ ফেরদৌস বলেন, হঠাৎই উদ্বোধনীর বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ কারণে তেমন প্রচার চালানো সম্ভব হয়নি। এই সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে ভবিষ্যতে বিভিন্ন সভা, সেমিনারে অথবা মাইকিং করে প্রচার চালানো হবে। তাহলে রোগীদের উপস্থিতি বাড়বে। তিনি আরও বলেন, বেসরকারিভাবে রোগী দেখাতে উপজেলার মানুষ জেলা শহরে যেতেন এবং দ্বিগুণ ফি দিয়ে চিকিৎসা নিতেন। এতে তাঁদের অর্থ ব্যয় বেড়ে যেত। এখন থেকে তাঁরা নিজ এলাকার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সামান্য ফি দিয়ে সেবা নিতে পারবেন। এমনকি হাসপাতালে প্যাথলজি পরীক্ষা, আলট্রাসনোগ্রাম, ইসিজিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা চালু থাকবে। এসব পরীক্ষার জন্য এখন থেকে আর রোগীদের বাইরে যেতে হবে না।

তবে বদরগঞ্জ ও গঙ্গাচড়া হাসপাতালের দুজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হওয়ায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের টনক নড়েছে। তাঁরা বিভিন্ন লোকজন লাগিয়ে হাসপাতালে আগত রোগীদের কৌশলে ভুল বোঝাচ্ছেন। তাঁরা বলছেন, হাসপাতালে চিকিৎসক কখনো ভালোভাবে রোগী দেখেন না। তাই টাকা নষ্ট না করে ক্লিনিকে চিকিৎসক দেখান। এমন অসাধু লোকজনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে।

গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, গঙ্গাচড়া নদীমাতৃক উপজেলা। এই উপজেলার অনেক মানুষ দারিদ্র্যপীড়িত। আগে তাঁরা বেসরকারিভাবে চিকিৎসার জন্য রংপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে যেতেন। এতে তাঁদের চিকিৎসায় ব্যয় বাড়ত। অচেনা শহরে গিয়ে চিকিৎসার নামে অনেকে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন। বৈকালিক চেম্বার ভিজিট কার্যক্রম সেবা চালুর ফলে এখন থেকে তাঁদের আর রংপুর শহরে ‍গিয়ে চিকিৎসাসেবা নিতে হবে না।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসকেরা অফিস সময়ের পরে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালে বসে রোগী দেখবেন। এ ক্ষেত্রে রোগী প্রতি উপজেলা পর্যায়ে চিকিৎসকের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ৪০০ টাকা।