প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে আবু সাইদের বিরুদ্ধে নেত্রকোনায় আরও এক মামলা

মামলা দায়েরের পর আদালত প্রাঙ্গণে বাদীসহ আওয়ামীপন্থী আইনজীবীরা
ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদের বিরুদ্ধে নেত্রকোনায় আরও একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার বাদী হয়ে নেত্রকোনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

আদালতের বিচারক মো. কামাল হোসাইন মামলাটি আমলে নিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গতকাল সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান বাদী হয়ে নেত্রকোনা সদর আমলি আদালতে একটি মামলা করেছিলেন।

বাদীর আইনজীবী সমীর সরকার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মামলায় বিএনপি নেতা আবু সাইদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, মানহানি ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মামলা দায়েরের পর আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে নেত্রকোনা মডেল থানার ওসিকে এফআইআরভুক্ত ও তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী অসিত কুমার সরকার প্রথম আলোকে বলেন, রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাইদ গত শুক্রবার বিকেলে পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকি দেন। তাঁর এ বক্তব্য অত্যন্ত মর্যাদাহানিকর, কুরুচিপূর্ণ ও রাষ্ট্রদ্রোহের শামিল। পরদিন তাঁর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়। ওই ব্যক্তির ঔদ্ধত্যপূর্ণ বক্তৃতায় তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত সংক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন। তাই মামলা দায়েরের মাধ্যমে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ওসি লুৎফুল হক বলেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় নেত্রকোনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। একটির বাদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান, অন্যটির বাদী জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার। আদালতের নির্দেশে তাঁরা মামলা দুটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছেন।