
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় নতুন ওসির যোগদান ও বিদায়ী ওসির সংবর্ধনা অনুষ্ঠানে কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দিনভর যানজটে ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, আজ দুপুরে আয়োজিত ওই অনুষ্ঠানের কারণে পুলিশ সদস্যদের একটি বড় অংশ অনুষ্ঠানে ব্যস্ত ছিল। এ কারণে সড়কে দেখা দেয় বিশৃঙ্খলা।
খাঁটিহাটা হাইওয়ে থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন পুলিশ পরিদর্শক আবু তাহের দেওয়ান। আজ সোমবার বেলা আড়াইটার দিকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে খাঁটিহাতা থানার দায়িত্বে ছিলেন পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি বদলি হয়ে ময়মনসিংহ হাইওয়ে পুলিশে যোগ দিয়েছেন। আবু তাহের দেওয়ান এর আগে সিলেট অঞ্চলের শেরপুর হাইওয়ে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ সরেজমিনে দেখা যায়, সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত একজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। অন্য সময় এখানে পাঁচ–সাতজন সদস্য দায়িত্বে থাকেন। সকাল নয়টার পর থেকেই যানজট শুরু হয়ে দুপুরের মধ্যে তা পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
বেলা একটার দিকে যানজট নিরসনে ঘটনাস্থলে যান হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার রেজাউল করীম। তিনি এক ঘণ্টার বেশি সময় চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি। পরে তিনি খাঁটিহাতা হাইওয়ে থানায় ফিরে যোগদান ও বিদায় অনুষ্ঠানে অংশ নেন। বিকেল পাঁচটা পর্যন্তও যানজট পুরোপুরি দূর হয়নি।
সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতকে ট্রানজিট–সুবিধা দিতে আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। প্রায় ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে দীর্ঘদিন ধরে কাজ ধীরগতিতে চলায় সরাইল বিশ্বরোড গোলচত্বর এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
নবাগত ওসি আবু তাহের দেওয়ান বিকেলে বলেন, দায়িত্ব নেওয়ার পরই তিনি পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন। উন্নয়নকাজের কারণে এমন পরিস্থিতি হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে পুলিশ সুপার রেজাউল করীম বলেন, ওসির বদলি ও যোগদানের সময় হওয়ায় কিছুটা সমন্বয়হীনতা তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।