গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় নলডাঙ্গার পৌর কাউন্সিলর কারাগারে

নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় পৌর কাউন্সিলর আবু বক্করকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু বক্কর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবু বক্কর নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভুক্তভোগী ওই গৃহবধূ নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

নলডাঙ্গা থানা ও আদালত সূত্রে জানা যায়, ১৯ মার্চ আবু বক্করের বিরুদ্ধে নলডাঙ্গা উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে পৌর কাউন্সিলর আবু বক্করের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা করেন।

মামলায় আবু বক্কর আইনজীবীর মাধ্যমে আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।