কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুর চর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৭) ও চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফা জান্নাত (৫)। এই দুই শিশু সম্পর্কে মামাতো–ফুফাতো বোন।
স্থানীয় বাসিন্দারা জানান, বকেয়া মনি মায়ের সঙ্গে কয়েক দিন আগে নানার বাড়ি সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় বেড়াতে যায়। আজ বেলা সাড়ে ১১টার দিকে বকেয়া মনি মামাতো বোন হুজাইফা জান্নাতকে সঙ্গে নিয়ে নানাবাড়ির অদূরে একটি পুকুরপাড়ে খেলছিল। এর এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুজন পুকুরে পড়ে যায়। স্বজনেরা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করেন। এরপর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়নুল আবেদীন বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।