আটকে পড়া প্রাইভেট কারটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে ট্রাক। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহা সড়কে
আটকে পড়া প্রাইভেট কারটিকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে ট্রাক।  চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহা সড়কে

ভিডিও ভাইরাল

সংঘর্ষে আটকে পড়া প্রাইভেট কারকে ২০০ মিটার টেনে নিয়ে গেল ট্রাক, এরপর যা হলো

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছুটে যাচ্ছিল একটি ট্রাক। সেটির নিচে আটকা পড়েছিল একটি প্রাইভেট কার। ট্রাকটি না থেমে ওই অবস্থায় কারটিকে টেনে নিয়ে যাচ্ছিল ব্যস্ত সড়ক ধরে। দৃশ্যটি চোখে পড়ার পর পথচারীরাও ছুটছিলেন ট্রাকটি থামাতে। চিৎকার করে বলছিলেন থামতে। কিন্তু কে শোনে কার কথা।

আজ সোমবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সকালে এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। জানা গেছে, বেপরোয়া ট্রাকটি সেটির নিচে আটকে পড়া প্রাইভেট কারকে প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। তবে দুর্ঘটনায় কারটির কিছু অংশ দুমড়েমুচড়ে গেলেও চালক সামান্য আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মিরসরাইয়ের বড়দারগারহাট এলাকায় হাক্কানী পেট্রলপাম্পের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউ টার্নে প্রাইভেট কারটি ঘোরাচ্ছিলেন চালক। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক কারটিকে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশে সেটি আটকা পড়ে। ট্রাকের চালক গতিনিয়ন্ত্রণ করতে না পেরে কারটি ২০০ মিটার সামনে টেনে নিয়ে যান। এ সময় প্রাইভেট কারের মালিক তানভীর হোসেন কিছুটা আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কার আটকে পড়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। এ সময় ট্রাকের চালক পালিয়ে যান। আহত ব্যক্তিকে তাঁর স্বজনেরা চিকিৎসা দিতে চট্টগ্রাম শহরে নিয়ে গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি।’