
দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুৎ এখন যায় না, মাঝেমধ্যে আসে। এরপরও সরকারের দায়িত্বশীল এক মন্ত্রী বলছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎও সরবরাহ করতে পারছে না সরকার। ফলে অনেক জায়গায় ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
আজ শনিবার রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বলদি এলাকায় আয়োজিত এক সভায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আগামী সোমবার জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য বিনা মূল্যে চিকিৎসা শিবির কর্মসূচি সামনে রেখে এ প্রস্তুতি সভা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
প্রস্তুতি সভায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, জেলা কৃষক দলের সদস্যসচিব তাজরুল ইসলাম, জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ, জেলা বিএনপি নেতা আহাদ চৌধুরী, মনিরুল ইসলাম, মাহবুব আলম, সুহেল ইবনে রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।