ডেঙ্গু বিষয়ে সচেতন করতে প্রতীকী এডিস মশা নিয়ে সড়কে অবস্থান, পরে মানববন্ধন

ডেঙ্গু বিষয়ে সচেতন করতে বরিশালে সাইফুল্লাহ নামের এক ব্যক্তি সড়কে অবস্থান নেন। পরে তাঁর সঙ্গে অন্যরা মানববন্ধন করেন। আজ শনিবার বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে
ছবি: প্রথম আলো

বরিশালে ডেঙ্গু জ্বর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতীকী এডিস মশা ও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে আজ শনিবার সড়কে অবস্থান নেন সাইফুল্লাহ ওরফে নবীন নামের এক ব্যক্তি। তাঁর এ কাজে সংহতি জানিয়ে বেশ কয়েকজন পাশে দাঁড়ান। পরে সবাই মিলে বেলা ১১টার দিকে বরিশাল নগরের সদর রোডে মানববন্ধন করেন। ‘শিশুস্বপ্ন’ নামের একটি সংগঠনের ব্যানারে ওই মানববন্ধন করা হয়।

দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলা ঘুরে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করছেন সাইফুল্লাহ। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি আবার মাঠে নেমেছেন। তাঁর সচেতনতামূলক কাজে সবাই সমর্থন জানাচ্ছেন।

আজকের মানববন্ধনে অংশ নেন বরিশাল মহানগর কলেজের শিক্ষক সোয়েব তালুকদার, লেখক সাব্বির আহমেদসহ বিভিন্ন পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে।

গত বছরের ২৫ অক্টোবর বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে প্রতীকী ডেঙ্গু মশা বাইরে রেখে মশারির মধ্যে অবস্থান করে জনসচেতনতামূলক প্রচার চালান সাইফুল্লাহ। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের বাসিন্দা সাইফুল্লাহ একজন চিত্রশিল্পী ও লেখক।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত বরিশাল বিভাগে ২২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ২২ জন চিকিৎসাধীন। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এই সময়ের মধ্যে বরিশাল বিভাগে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।