কবরে শুয়ে শাশুড়ির দাফনে বাধা, পুত্রবধূকে পুলিশ হেফাজতে নিয়ে সম্পন্ন হলো দাফন

বরিশাল জেলার মানচিত্র
বরিশাল জেলার মানচিত্র

সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে পুত্রবধূর বিরুদ্ধে মৃত শাশুড়ির জন্য খোঁড়া কবরে শুয়ে পড়ে দাফনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পুত্রবধূকে হেফাজতে নিয়ে মারা যাওয়া শাশুড়ির দাফন সম্পন্ন করে। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মণ্ডল আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ায় আমি বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ওই বাড়িতে যাই এবং গৃহবধূকে সদ্য খোঁড়া কবর থেকে তুলে হেফাজতে নিয়ে মারা যাওয়া নারীর দাফন সম্পন্ন করতে সাহায্য করি। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে সেখানে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত।’

পুলিশ ও গ্রামের লোকজন জানান, বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত মোবারক আলী খানের স্ত্রী আনোয়ারা বেগম (৮০) গতকাল ভোরে মারা যান। পরিবারের লোকজন তাঁকে দাফন করার জন্য কবর খনন করেন। কিন্তু জমিজমা নিয়ে বিরোধের জেরে আনোয়ারা বেগমের পুত্রবধূ শাহনাজ বেগম (৪০) কবরে শুয়ে দাফনে বাধা দেন। গ্রামবাসী ও আত্মীয়স্বজনেরা অনেক অনুরোধ করেও তাঁকে নিবৃত্ত করতে না পেরে পুলিশকে ঘটনা জানান। পরে বেলা ১১টার দিকে পুলিশ ওই বাড়িতে গিয়ে আনোয়ারা বেগমের দাফন সম্পন্ন করে।

বিরোধের একপর্যায়ে শাহনাজ সদ্য খোঁড়া কবরে শুয়ে পড়েন এবং দাফনে বাধা দেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মৃত আনোয়ারা বেগমের পাঁচ মেয়ে ও এক ছেলে। ছেলে আবদুর রহিম সৌদিপ্রবাসী। দাফনে বাধা দেওয়া শাহনাজ বেগম আবদুর রহিমের স্ত্রী।

ওসি বলেন, ওই নারীর কর্মকাণ্ডে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কবর ও মরদেহের অবমাননা থেকে রক্ষায় গৃহবধূকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। গতকাল সন্ধ্যার পর ওই নারীকে তাঁর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কবরের অবমাননা না করার মুচলেকা নেওয়া হয়েছে।

প্রতিবেশী বেশ কয়েক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাশুড়ি ও ননদদের সঙ্গে পুত্রবধূ শাহনাজের বিরোধ রয়েছে। শাশুড়ি আনোয়ারা বেগম মারা যাওয়ার আগে তাঁর দাফনের জন্য ওই স্থান নির্ধারণ করে গিয়েছিলেন। সে অনুযায়ী মৃত্যুর পর সেখানে তাঁকে দাফনের জন্য কবর খোঁড়া হয়। কিন্তু ওই জমি নিজেদের ভাগের দাবি করে শাহনাজ সেখানে দাফনে বাধা দেন এবং শ্বশুরের কবরের পাশে শাশুড়িকে দাফন করতে বলেন। কিন্তু ননদেরা মায়ের ইচ্ছা অনুযায়ী ওই স্থানেই তাঁকে দাফন করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে শাহনাজ সদ্য খোঁড়া কবরে শুয়ে পড়েন এবং দাফনে বাধা দেন।

উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মো. আক্তারুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পুত্রবধূকে তাদের হেফাজতে নেয়। এরপর শাশুড়িকে দাফন করা হয়েছে।