
নরসিংদী শহরে পুলিশ পরিচয় দিয়ে পিস্তল দেখিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর ছেলের কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ইউপি সদস্য আক্কাস আলী গতকাল শুক্রবার মধ্যরাতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলাটি করেন।
মামলার পর এ ঘটনায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শহরের বানিয়াছল এলাকার একটি বাড়ি থেকে ছিনতাই হওয়া সাত লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
মামলার আসামিরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও মাধবদীর টাটাপাড়া এলাকার শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগ কর্মী মাধবদীর বিরামপুর এলাকার বাসিন্দা তানভীর আহমেদ (৩০), ভলবদ্রদী এলাকার কামরুল হাসান (২৯), নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া ওরফে লেলিন (৩৬) ও রায়পুরার হাঁটুভাঙ্গার কান্দাপাড়া এলাকার শরীফ মিয়া (২৭)। তাঁদের মধ্যে শরীফ মিয়া বাদে আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
যাঁর টাকা ছিনতাই হয়েছে তিনি হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী। তিনি ওয়ার্ডটির চরমেঘনা এলাকার মৃত হযরত আলীর ছেলে। ছিনতাইয়ের ঘটনার সময় আক্কাস আলীর সঙ্গে তাঁর ছেলে ইকবাল হোসেনও ছিলেন। তাঁদের দাবি, এলাকায় একটি জমি কেনার জন্য ১৬ লাখ টাকা ব্যাগে নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনার শিকার হয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আক্কাস আলী ও তাঁর ছেলে ইকবাল হোসেন গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার সাহেপ্রতাব এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে রায়পুরার বাঁশগাড়ীতে যাচ্ছিলেন। জমি কেনার জন্য একটি ব্যাগে ১৬ লাখ টাকা তাঁদের সঙ্গে ছিল। শহরের বৌয়াকুড় এলাকার ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন স্থানে পৌঁছার পর দুটি মোটরসাইকেলে করে চারজন এসে তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। তাঁরা পুলিশের পরিচয়পত্র ও পিস্তল প্রদর্শন করেন। এরপরই তাঁরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেন। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে শোয়েব রায়হান ও তানভীর আহমেদকে ধরে ফেলেন। তবে বাকি দুজন টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আটক শোয়েব ও তানভীরকে ছাড়িয়ে নিতে একটি প্রাইভেট কারে করে ঘটনাস্থলে আসেন রেহানুল ইসলাম ভূঁইয়া ও কামরুল হাসান। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ওই চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের ভাষ্য, পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় শোয়েব রায়হান, তানভীর আহমেদ, কামরুল হাসান ও শরীফ মিয়া—এই চারজন সরাসরি জড়িত। তাঁরাই দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় শরীফ মিয়া একটি মোটরসাইকেলে করে ওই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। আটকের পর প্রথম তিনজন থানা-পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে পলাতক আসামির তথ্য দিয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিনের নেতৃত্বে, নির্দেশনায় ও পরিকল্পনায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। তাঁদের প্রদর্শন করা পিস্তলটি ছিল খেলনা ও নিজেদের ছবি দিয়ে তৈরি পরিচয়পত্র দুটিও ছিল নকল। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল রাতে শহরের বানিয়াছল এলাকার একটি বাড়ি থেকে ছিনতাই করা সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া বলেন, আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে। বাকি টাকা উদ্ধারে ও পলাতক আসামি শরীফ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।