বরিশালের জেলা ও দায়রা জজ আদালত
বরিশালের জেলা ও দায়রা জজ আদালত

বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

বরিশাল জেলা জজ আদালতের একজন সহকারী জজ গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। ফারহান নাদিম নামের এই বিচারক মঙ্গলবার সন্ধ্যায় আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় আজ বুধবার বিকেলে আদালতের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরই মধ্যে তাঁর সন্ধানে খোঁজখবর শুরু করেছে পুলিশ।

ফারহান নাদিম বরিশাল জেলা জজ আদালতের (সিভিল) বিচারকের দায়িত্ব পালন করছেন।

কোতোয়ালি থানা সূত্র জানায়, আজ দুপুরে জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এ বিষয়ে লিখিত আবেদন করা হয়। বিকেল সোয়া চারটার দিকে এটি নথিবদ্ধ করা হয়। ওই আবেদনে বিচারকের নিখোঁজ হওয়ার ঘটনা এবং তাঁকে খুঁজে না পাওয়ার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেন্দীগঞ্জ আদালত থেকে মাগরিবের নামাজ শেষে বাসার উদ্দেশে বের হন বিচারক ফারহান নাদিম। সন্ধ্যা ছয়টার দিকে তাঁর স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে ফোন করে জানান, বিচারক তখনো বাসায় ফেরেননি। পরে রাত আটটার দিকে আবার ফোন করে একই বিষয় জানান। এ সময় তিনি জানান, ফারহান নাদিমের মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

বরিশাল জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরের বিবির পুকুরের পশ্চিম পাড়ে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিচারক ফারহান নাদিমকে দেখা গেছে। এ ঘটনায় আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি পারিবারিক কোনো ঘটনা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বুধবার দুপুরে জানান, আদালতের পক্ষ থেকে জিডি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ বিচারকের সন্ধানে খোঁজখবর নেওয়া শুরু করেছে।