কুষ্টিয়ায় হাসপাতালে তিনজনের মৃত্যু, পুলিশ বলছে ‘বিষাক্ত অ্যালকোহল’ পানে

লাশ
প্রতীকী ছবি

কুষ্টিয়া সদর, মিরপুর ও ভেড়ামারা উপজেলার তিনজন আজ সোমবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের চিকিৎসক ও পুলিশ বলছে, ‘বিষাক্ত অ্যালকোহল’ পানে এই তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে আরও তিনজন এই হাসপাতালে চিকিৎসাধীন। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মৃত তিনজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের শাহিন খন্দকার (৪৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া গ্রামের মো. রতন আলী (২১) ও ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের সিফাত উল্লাহ ওরফে সিপু (২৩)।

অ্যালকোহলের উৎস হিসেবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ সুইপার কলোনিকে চিহ্নিত করেছে পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের হাতে আসা তথ্য অনুযায়ী চারজন সুইপার কলোনিতে বসে এবং অন্যরা সেখান থেকে নিয়ে বাড়িতে বসে পান করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার প্রথম আলোকে বলেন, অসুস্থ অবস্থায় সাতজনকে গতকাল রোববার রাত ৯টা ২০ মিনিট থেকে দিবাগত রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত তাঁদের স্বজনেরা হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনজন মারা গেছেন। বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে। বাকি চারজনও বিষাক্ত অ্যালকোহল পানের কারণে অসুস্থ হয়ে পড়েন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। অসুস্থ চারজনও অ্যালকোহল পান করেছেন।

পুলিশ সুপার আরও বলেন, অ্যালকোহলের উৎস হিসেবে পোড়াদহ সুইপার কলোনি বলে জানা গেছে। চারজন পোড়াদহ সুইপার কলোনিতে বসে অ্যালকোহল পান করেন এবং অন্যরা সেখান থেকে নিয়ে এসে বাড়িতে পান করেছিলেন। ঘটনা তদন্তে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন ও মিরপুর থানার ওসি মো. রাশেদুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।