
শরতের ঝকঝকে রোদ গায়ে মেখে সকাল থেকেই শিক্ষার্থীরা সমবেত হচ্ছিল বরিশাল নগরের কীর্তনখোলা তীরের শিল্পকলা একাডেমি চত্বরে। কেউ সেলফি তুলছে, কেউ থ্রি–ডি গেমসে মেতেছে। কেউ আবার সহপাঠী-বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। সঙ্গে এসেছেন অভিভাবকেরাও।
আজ শুক্রবার সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সকাল ১০টায় শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। তবে সকাল সাড়ে ৮টা থেকেই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কীর্তনখোলা তীরের এ প্রাঙ্গণ।
সড়ক যোগাযোগবিচ্ছিন্ন মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সাদিয়া তাসনিমের কণ্ঠে ছিল উচ্ছ্বাস। সে বলল, ‘পরীক্ষার পর বান্ধবীরা আবার একত্র হওয়ার সুযোগ পেলাম।’
সাদিয়ার মতোই উচ্ছ্বসিত গৌরনদীর টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আফিফা তাবাসসুম। সে বলল, ‘আজকের দিনটা শুধু আমাদের এবং আমাদেরই।’
আফিফার সঙ্গে কণ্ঠ মেলায় তার বান্ধবীরাও। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে সেলফি তোলে তারা।
অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের সাফল্যের গল্প সবার একই রকম নয়। কেউ এসেছে প্রত্যন্ত এলাকার বিদ্যালয় থেকে, কেউ শহরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। কারও সাফল্যের পেছনে রয়েছে পরিবারের দীর্ঘদিনের ত্যাগ, কারও আবার অর্থনৈতিক অনিশ্চয়তা।
টরকী থেকে আসা আফিফার পরিবার অস্বচ্ছল। বাবার আয়ে সংসার চালানোই কঠিন। তাই টিউশনি করে সেই টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছে আফিফা।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় অন্তত ১ হাজার ৩০০ শিক্ষার্থী। সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কানায় কানায় পূর্ণ মিলনায়তনে তখন পিনপতন নীরবতা। শিক্ষার্থী ও অতিথিরা দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন অর রশিদ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, ভালো মানুষ হওয়ার চেষ্টাও করতে হবে। একটি জাতির জন্য দক্ষ ও ভালো মানুষ খুব বেশি প্রয়োজন। এমন আয়োজনের জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল। তিনি বলেন, কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ পর্যায়ে এসেছে। শুধু জিপিএ-৫-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে সামনে কীভাবে আরও সাফল্য অর্জন করা যায়, সেই স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের পরিশ্রম করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ আয়োজন ছিল তরুণ শিল্পী মিঠুন রয় ও তাঁর দলের গান। মিঠুনের কণ্ঠে যখন ভেসে আসে, ‘সেই তুমি কেন এত অচেনা হলে...’, তখন শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে কণ্ঠ মেলায়। কোরাসের মূর্ছনা মিলনায়তন ছাপিয়ে বাইরে ছড়িয়ে পড়ে।
বরিশাল বন্ধুসভার সাবেক সভাপতি নাঈম ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, জগদীশ স্বারস্বত স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আসাদুল আলম, সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ এবং ব্রজমোহন (বিএম) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিন হাওলাদার।
প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪ জেলায় ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।
আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।