বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

ভৈরবের বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মারা গেছেন

রফিকুল ইসলাম মহিলা কলেজসহ কিশোরগঞ্জের ভৈরবের বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর সংবাদে ভৈরবে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর সময় রফিকুল ইসলামের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি ভৈরব পৌর শহরের ভৈরবপুর রমজান আলী মিয়ার বাড়ি। আজ বাদ আসর রফিকুল ইসলাম মহিলা কলেজ মাঠে রফিকুল ইসলামের জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক।

ভৈরব এলাকায় শিক্ষা বিস্তারে রফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৭ সালে নিজের দুই একর জায়গার ওপর নিজের নামে মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটির বর্তমান শিক্ষার্থী প্রায় তিন হাজার। এর আগে ১৯৮২ সালে দাদা দাদির নামে প্রতিষ্ঠা করেন ফাতেমা রমজান প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন হালিমা সাদিয়া মাদ্রাসা নামে একটি মহিলা মাদ্রাসা। এ ছাড়া ভৈরবের একাধিক প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠার সঙ্গে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে। বেশ কয়েকটি মসজিদ ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা পায় তাঁর হাত ধরে।

রফিকুল ইসলাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ বলেন, রফিকুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ শিক্ষাব্রতী ও সমাজ সংস্কারক। মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা বিস্তারে প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল তাঁর।