বায়ুদূষণের দায়ে ঢাকাসহ ৪ জেলার ৩৪৬ যানবাহন ও ৫৪৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

বায়ুদূষণ
ফাইল ছবি

বায়ুদূষণের দায়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪৬টি যানবাহন, ২৬৫ ব্যক্তি ও ঠিকাদার এবং ২৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত ফেব্রুয়ারি ও চলতি মার্চ মাসে ওই চার জেলায় অভিযান চালিয়ে মোট ৮৪ লাখ ৯০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ের মধ্যে বায়ুদূষণকারী একাধিক প্রতিষ্ঠানকে বন্ধও করে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার উপপরিচালক (মনিটরিং) মো. আবদুস সালাম সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদের দিকনির্দেশনায় এবং মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট শাখার পরিচালক মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে ঢাকাসহ চার জেলায় বায়ুদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কালো ধোঁয়া নির্গত করে বায়ুদূষণ করায় ৩৪৬টি যানবাহনকে মোট ৮ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ২৮৩টি বায়ু দূষণকারী প্রতিষ্ঠানকে ৭৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে নির্মাণসামগ্রী খোলা স্থানে রেখে বায়ুদূষণের দায়ে ২৬৫ ব্যক্তি ও ঠিকাদারকে ৩৯ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বায়ুদূষণকারী একাধিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে বিভিন্ন শিল্পকারখানা, ইটভাটা ও স্টিল কারখানা।

আবদুস সালাম সরকার বলেন, গত দুই মাসে এসব অভিযানের ফলে ঢাকা ও আশপাশে জেলার বায়ুদূষণ অনেকাংশে কমে এসেছে ও বায়ুমানের ব্যাপক উন্নয়ন হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বায়ুদূষণবিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।