হাতকড়াসহ এক আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ সাময়িক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার তিন এসআইসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাতকড়াসহ মাদক মামলার এক আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় গত রোববার তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আজ বুধবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ।

সাময়িক বরখাস্ত হওয়া ওই ছয় পুলিশ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন, মাহবুবুর রহমান, জালাল উদ্দীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) নয়নকৃষ্ণ কোড়, আবদুল কাদের ও কনস্টেবল আবদুল কাদের।

এ বিষয়ে  চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, কর্তব্য অবহেলা ও অসতর্কতার অভিযোগে গত রোববার তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গত ২৪ মে সন্ধ্যায় সদর থানার সীমান্তবর্তী ইউনিয়ন আলাতুলি থেকে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরে  নিয়ে আসছিল পুলিশ। এই সময় হাতকড়াসহ ওই আসামি পালিয়ে যান। পালিয়ে যাওয়া ওই আসামি হলেন আলাতুলি ইউনিয়নের বকচর এলাকার মাসুম (২৬)।