সেচ না দেওয়ায় খেতের মাটি ফেটে গেছে। গতকাল গোদাগাড়ী উপেজলার মোহরাপুর এলাকায়
সেচ না দেওয়ায় খেতের মাটি ফেটে গেছে। গতকাল গোদাগাড়ী উপেজলার মোহরাপুর এলাকায়

রাজশাহীতে লোডশেডিং

ফেটে যাচ্ছে ধানখেতের মাটি

গতকাল তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

বোরো ধানের শিষ বের হচ্ছে। এই সময় রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। চাহিদার বিপরীতে বিদ্যুতের সরবরাহ ৩০ শতাংশে নেমে যাচ্ছে। এদিকে চলছে টানা খরা। গতকাল সোমবার তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

এই অবস্থায় লোডশেডিংয়ের ফাঁকে ফাঁকে বোরোখেতে জমিতে যেটুকু পানি পড়ছে, তা শুকিয়ে যাচ্ছে। আবার সব জমিতে পানি পৌঁছানোও যাচ্ছে না। সবচেয়ে খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে গোদাগাড়ী উপজেলায়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলায় তাদের বিদ্যুৎ-চালিত ৭২৫টি গভীর নলকূপ রয়েছে। একদিকে খরা, অন্যদিকে বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে ধানের ক্ষতি হচ্ছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবদুর রশিদ বলেন, এখন ধানের শিষ বের হচ্ছে। এই সময়ে বিদ্যুৎ না পেলে ধান বাঁচানো যাবে না। মঙ্গলবার মন্ত্রণালয়ে বৈঠক আছে। তিনি সচিবকে এই সমস্যার কথা জানাবেন।

এই পরিস্থিতিতে গতকাল মাঠ পরিদর্শনে বের হন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের রাজশাহী জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার আলী, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) রমেন্দ্র চন্দ্র রায় উপমহাব্যবস্থাপক (কারিগরি) শামীম পারভেজ ও তরিকুল ইসলাম। বিকেলে পৌনে চারটার দিকে তাঁদের গোদাগাড়ী উপজেলার গোলাই এলাকায় পাওয়া যায়। রমেন্দ্র চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, এই সময় বিদ্যুতের চাহিদার ৪৮ শতাংশ পাচ্ছেন। রোববার সন্ধ্যায় চাহিদা উঠেছিল ১০৫ মেগাওয়াট। এর বিপরীতে পেয়েছেন মাত্র ৩০ শতাংশ বিদ্যুৎ। এ ব্যাপারে রাজশাহী থেকে তাঁদের কিছু করার নেই। তাঁদের যেটুকু দেওয়া হচ্ছে, তাঁরা সেইটুকুর যথাযথ ব্যবহার করার চেষ্টা করছেন। এ জন্য মানুষের সঙ্গে কথা বলছেন।

গোদাগাড়ী উপজেলার মোহরাপুর মৌজায় বিএমডিএর তিনটি গভীর নলকূপ রয়েছে। এর মধ্যে মোহরাপুর-১ গভীর নলকূপের আওতার ধানখেতের অবস্থা বেশি খারাপ। পানির অভাবে খেতের জমির মাটি সাদা হয়ে গেছে। কোনো কোনো জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। মোহরাপুর গ্রামের কৃষক আমজাদ আলী তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। তাঁর জমির মাটি ফেটে গেছে। ধানগাছ নেতিয়ে পড়ছে।

একই গ্রামের শামীম ও তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন এই নলকূপের আওতায় ছয়-সাত বিঘা জমিতে ধান চাষ করেছেন। শামীম হোসেন বলেন, এক পাশে এক বিঘা ও আরেক অংশে দেড় বিঘা জমির মাটি ফেটে গেছে। শিষ বের হওয়ার সময় যেমন রোদ পড়ছে, তেমনি বিদ্যুৎ না থাকার কারণে সেচ দেওয়া যাচ্ছে না। পানি দেওয়ার পরপরই জমি শুকিয়ে যাচ্ছে।

একই গ্রামের কৃষক শুকুর আলী বলেন, তিনি পাঁচ বিঘা জমিতে ধান করেছেন। পানি দিতে না পারায় জমির ধান মরে যাচ্ছিল। জমি সাদা হয়ে মাটি ফেটে যাচ্ছিল। রোববার দিবাগত রাত দুইটার পর থেকে গতকাল সকাল পর্যন্ত বিদ্যুৎ ছিল। এই সময় জমিটুকু ভিজিয়ে নিয়েছেন। এভাবে ধান বাঁচানো যাবে না।

এই নলকূপের অপারেটর ফাহারুল ইসলাম বললেন, দিন-রাত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়-সাত ঘণ্টা বিদ্যুৎ থাকছে। গতকাল সকাল ছয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত তিনি মাত্র সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ পেয়েছেন।

এদিকে তীব্র খরার কারণেও জমিতে যেটুকু পানি দেওয়া হচ্ছে, তা-ও ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে ৬ এপ্রিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তার পর থেকে তাপমাত্রা বেড়েই চলেছে। গতকাল বেলা তিনটায় রাজশাহীতে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি গত ৯ বছরের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে ২০১৪ সালের ২১ মে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।