
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। আজ সোমবার দুপুর ১২টায় বগুড়া পৌরসভা ভবনে তিনি সিটি করপোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
এর মধ্য দিয়ে ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে দেশের ১৩তম হিসেবে বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু হলো। বিলুপ্ত হয়ে গেল ১৫০ বছরের পুরোনো বগুড়া পৌরসভার কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজ বগুড়া পৌরসভার আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু হয়ে গেল। কিন্তু নিজের শহর নিজেকে পরিষ্কার রাখতে হবে। স্টেশন সড়কে দেখলাম দুপাশেই ময়লা। প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন প্রশাসনেরটা করবে। নিজের ঘর নিজেকে পরিষ্কার রাখতে হবে। যাঁরা সিটি করপোরেশনে বাস করবেন, নিজেদের যত্ন নিজেদের নিতে হবে। বগুড়াকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে গেলে সরকার একা পারবে না। শহরের মানুষ যদি চেষ্টা না করে, সবাই একসঙ্গে কাজ না করলে সরকারের পক্ষে মডেল শহর গড়া সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি বগুড়ার সন্তান; আপনাদের সন্তান। আগে শুধু বগুড়ার কাজ দেখতাম। সারা দেশের মানুষ দায়িত্ব দিয়েছে; এখন সারা দেশের কাজ দেখতে হচ্ছে। আপনারা দোয়া করবেন, বগুড়ার মানুষের মতো সারা দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারি, কমবেশি সমস্যার সমাধান করতে পারি।’
বগুড়ায় আজ দিনব্যাপী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে আছেন।
বগুড়া সার্কিট হাউসে বিশ্রামের পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি বগুড়া পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
এরপর সড়কপথে প্রধানমন্ত্রী তাঁর পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যান।
বিকেলে প্রধানমন্ত্রী বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
সন্ধ্যা পৌনে ছয়টায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন। ফেরার পথে তিনি বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন।