লক্ষ্মীপুরে নির্যাতনের অভিযোগে ওসিসহ ৩ পুলিশের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর জেলার মানচিত্র
লক্ষ্মীপুর জেলার মানচিত্র

এক যুবককে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে লক্ষ্মীপুর থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীর মায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ এ নির্দেশ দেন।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন লক্ষ্মীপুর থানার ওসি মো. মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম ও উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল।

ভুক্তভোগীর নাম আরিফ হোসেন। তাঁর মা দেলোয়ারা বেগম আজ আদালতে মামলার আবেদন করেন। আবেদনে বলা হয়, ৩ জুলাই শারীরিক প্রতিবন্ধী আরিফ হোসেনকে ঘর থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে থানায় অমানুষিক নির্যাতন করা হয়। পরদিন তাঁর মা থানায় খবর নিতে গেলে তাঁর সামনেই আরিফকে পেটান পুলিশ সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ঘুষ দাবি করে পুলিশ।

আদালতের নাজির ইয়াসিন আরাফাত প্রথম আলোকে বলেন, পুলিশ সুপারকে মামলাটি নিতে বলা হয়েছে। একই সঙ্গে দুই দিনের মধ্যে মামলার অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের একটি কপি চট্টগ্রাম রেঞ্জে নিয়োজিত পুলিশের উপমহাপরিদর্শককে পাঠাতে বলা হয়েছে।

জানতে চাইলে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন লক্ষ্মীপুর থানার ওসি মোসলেহ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, একটি ল্যাপটপ চুরির অভিযোগে আরিফ হোসেনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। নির্যাতনের অভিযোগ সত্য নয়।