লালমনিরহাটের কালীগঞ্জে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জের কাকিনার কবিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পাটগ্রাম উপজেলার বেলতলি (রহমতপাড়ার) এলাকার আবদুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই উপজেলার চিলার বাজারের আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভাগীয় শহর রংপুর থেকে ১০ জন যাত্রী নিয়ে থ্রি হুইলার অটোরিকশাটি (স্থানীয়ভাবে মাহিন্দ্রা নামে পরিচিত) লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় পৌঁছায়। এ সময় লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার দুই যাত্রী রফিকুল ইসলাম ও মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন সাত যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্যরা আহত হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় গত শুক্রবার রাতেই সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে। পাথরবোঝাই ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। অনুসন্ধান ও তদন্ত চলছে।