
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা তিন সড়কের মোড় এলাকায় বুধবার সকাল থেকে দিনভর যানবাহনের চাপ ছিল। বিকেলের পর থেকে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপে শুরু হয় থেমে থেমে যানজট। যানবাহন না পেয়ে অনেককে ঘণ্টার পর ঘণ্টা সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিপরীত দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চিত্র ছিল স্বাভাবিক।
এদিকে দুপুরে ঈদযাত্রা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান। এ সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সকাল ও বিকেলে চন্দ্রা এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-টঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কালিয়াকৈর অংশে যানবাহনের চাপ নেই বললেই চলে। তবে নবীনগর-কালিয়াকৈর সড়কে ভোর থেকে ৩-৪ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ওই সড়কে থেমে থেমে যানজট চলছে।
হাইওয়ে পুলিশ জানায়, এর মূল কারণ চন্দ্রা তিন সড়কের মোড়ে যাত্রীবাহী বাসগুলোতে ইচ্ছেমতো থামিয়ে যাত্রী ওঠানো হচ্ছে। এতে পেছনের গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে যানবাহনের কিছুটা চাপ ছিল, যা স্বাভাবিক সময়ের মতোই। এখনো ঈদের ছুটির চাপ পড়েনি। শিল্পকারখানা ছুটি হলে যানবাহনের চাপ বাড়বে কয়েক গুণ। যানজট নিরসনে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
ঢাকা থেকে গাবতলী হয়ে চন্দ্রায় আসা টিআর ট্রাভেলস পরিবহনের একটি বাসের চালকের সহযোগী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, গাবতলী থেকে আসতে কয়েকটি স্থানে থেমে থেমে গাড়ি চলেছে। চন্দ্রার দুই কিলোমিটার আগে নন্দন পার্ক থেকে যানজট শুরু হয়েছে। তবে চন্দ্রায় এসে যানজট হওয়ার মতো তেমন কোনো কারণই চোখে পড়েনি। এরপরও যানবহনের জট সৃষ্টি হচ্ছে।
চন্দ্রা তিন সড়কের মোড় এলাকার ব্যবসায়ী মো. ইউছুব আলী প্রথম আলোকে বলেন, চন্দ্রা মোড়ে বাসগুলো ইচ্ছেমতো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে। যাত্রী ওঠাতে সময়ক্ষেপণ করছে। এ কারণে পেছনের বাসগুলো সামনে এগোতে পারছে না।
রংপুরের পীরগাছা এলাকার বাসিন্দা কবিরুল ইসলাম স্ত্রী–সন্তানদের নিয়ে থাকেন কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায়। তাঁর সঙ্গে কথা হয় চন্দ্রা এলাকায়। কবিরুল ইসলাম বলেন, ‘সকাল আটটা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু ভাড়া বেশি চাওয়ায় উঠছি না। যে বাসে কম ভাড়া নেবে, সেই বাসে উঠব।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের পরিস্থিতি অনেকটা ভালো। যদিও সকাল থেকেই মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে। যানবাহনেরও চাপও চোখে পড়ার মতো।
মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার, স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। তবে যাত্রীর তুলনায় যানবাহন কম। তাই নির্ধারিত গন্তব্যে যেতে অনেকেরই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এই সুযোগে বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে বাসগুলো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এবারের ঈদযাত্রায় এই মহাসড়কের যানবাহন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক ৩০০ ট্রাফিক পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্য ও রোভার স্কাউট মোতায়েন রয়েছে। কোথাও ভাড়া বেশি নেওয়ার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
মহাসড়ক পরিদর্শনে অতিরিক্ত আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, হাইওয়ে ও জেলা পুলিশ ঈদযাত্রা সুশৃঙ্খল রাখতে কাজ করছে। যেকোনো বছরের তুলনায় এবারের ঈদযাত্রা নিরাপদ হবে। ঈদ উপলক্ষে হাইওয়ে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মহাসড়কে কাজ করছেন।
যাত্রীদের উদ্দেশে মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘নির্দিষ্ট কাউন্টার থেকে গাড়িতে উঠুন। তাহলে ছিনতাইকারী বা মলম পার্টির কবল থেকে মুক্তি পাবেন। আমরা সচেতন আছি, এখন যাত্রীরা সচেতন হলে আমাদের দায়িত্ব পালনে সুবিধা হয়।’
কারখানা ছুটির বিষয়ে অতিরিক্ত আইজিপি বলেন, ‘গতকাল কিছু কারখানা ছুটি হয়েছে, আজ কিছু হবে এবং বাকিগুলো আগামীকাল। তবে আগামীকাল ও পরশু অতিরিক্ত চাপ আসতে পারে। এ জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এখন পর্যন্ত মহাসড়কে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’
গতকাল মঙ্গলবার থেকে মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে উল্লেখ করে মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘এখন পর্যন্ত কোথাও ভোগান্তি নেই। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। মহাসড়ক এই পরিবেশ রাখতে কয়েক মাস ধরে বিভিন্ন মিটিং ও সেমিনার করেছি।’
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, সালনা হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম প্রমুখ।