নোয়াখালীতে নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক নির্মাণশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবিদ মাহমুদ ওরফে পলাশ (২৪)। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফিরোজ আলমের মিলনের ছেলে। আবিদ মাহমুদ পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।

নিহত ব্যক্তির চাচাতো ভাই করিম উল্যাহ বলেন, আজ সকালে বাড়ির সামনের পুকুরপাড়ের একটি গাছের সঙ্গে আবিদ মাহমুদের লাশ ঝুলতে দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়। তবে তাঁরা মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।