বিশ্ববাজারে অনেক জিনিসের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশে: বাণিজ্যমন্ত্রী

পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। শনিবার দুপুরে সদর উপজেলার দারিয়াপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘গ্লোবাল মার্কেটে (বিশ্ববাজারে) অনেক জিনিসের দাম বাড়ার প্রভাব পড়েছে বাংলাদেশে। মূলত পেট্রল, ডিজেল ও গ্যাসের দাম বাড়ার কারণে আমাদের সমস্ত প্রোডাক্টের (পণ্যের) দাম বেড়েছে। সয়াবিন তেলের ৯০ শতাংশ, মসুর ডালের ৫০ শতাংশ আর চিনির ৯৫ শতাংশ আমদানি করতে হয়। গ্লোবাল মার্কেটে এগুলোর দাম বেড়েছে। এ জন্য দেশেও বেড়েছে।’

শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দারিয়াপাড়া এলাকায় নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টিপু মুনশি।

দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ যে শ্রমিক কাজ করবেন, তাঁর হাজিরা যদি ২০০ টাকা হয়, তাহলে উৎপাদিত পণ্যের এক ধরনের খরচ হবে। আর শ্রমিকের হাজিরা যদি ৫০০ টাকা হয়, তাহলে তো উৎপাদিত পণ্যের দাম বাড়বেই। এ ছাড়া বিদ্যুৎ লাগে, পানি সেচের জন্য সেটার দাম যদি বাড়ে, এর প্রভাব পণ্যে পড়বে। তারপরও আশপাশের অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই রমজান মাসেও আমরা আপ্রাণ চেষ্টা করছি দ্রব্যমূল্য মানুষের সহনশীলতার মধ্যে রাখতে।’

অপর এক লিখিত প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, পঞ্চগড়ে চায়ের নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়ে ইতিমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে বিক্রয় কার্যক্রম শুরু হবে। এরপর ধীরে ধীরে পূর্ণাঙ্গভাবে নিলামবাজার চালু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন ধারণ করলেন। তিনি বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছেন। তাঁর নেতৃত্বে উন্নয়নের দিক থেকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে বিস্ময়। আজকে ভারতের চেয়ে কমপক্ষে সাতটা সূচকে আমরা বেশি এগিয়ে। পাকিস্তান কোনো সূচকেই আমাদের ধারেকাছে নেই।’

হাসপাতালটি প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘পঞ্চগড়ে এই মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রম শুরু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। এ এলাকার মানুষের কর্মসংস্থান হবে। এলাকাবাসী উন্নত চিকিৎসাসেবা পাবেন। ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে। বাংলাদেশের অনেক মানুষ ভারতে চিকিৎসা নিতে যান। আশা করছি, এ হাসপাতাল হলে ভারত, নেপাল ও ভুটান থেকে লোকজন এখানে চিকিৎসা নিতে আসবেন। তাঁদের ছেলেমেয়েরা এ মেডিকেল কলেজে পড়তে আসবে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘এই পঞ্চগড়ে খুব তাড়াতাড়ি একটি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি হবে। কয়েক দিন আগে স্পেনের একজন ইনভেস্টর (বিনিয়োগকারী) আমার সঙ্গে এ এলাকায় এসেছিলেন। তিনি প্রায় আড়াই শ কোটি টাকা বিনিয়োগ করে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন। ইনশা আল্লাহ, এই উত্তরবঙ্গ আলোকিত হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে।’  

নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান জুয়াং লিফেংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক এইচ এম জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সম্মানিত অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত প্রমুখ বক্তব্য দেন।

নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প পরিচালক তৌফিক হাসান। তিনি বলেন, পঞ্চগড় সদর উপজেলার দারিয়াপাড়া এলাকায় ৩২ একর জমির ওপর প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ মেডিকেল কলেজ ও হাসপাতাল। চীন ও বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে ১ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতালটিতে প্রাথমিকভাবে ৭০ জন চিকিৎসক দিয়ে কার্যক্রম শুরু হবে।