নাটোরে চালককে আহত করে ইজিবাইক ছিনতাই, ৪ দিনে এমন ঘটনা ৪টি

লালন হোসেন (২৮) নামের এক চালককে গলা কেটে আহত করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই ইজিবাইকচালক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার ভাটপাড়া এলাকায়। আহত চালক লালপুরের গবরপুর গ্রামের আবদুস সামাদের ছেলে।

লালপুরে এ ঘটনাসহ টানা চার দিনে চারটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি এবং ছিনতাই হওয়া ইজিবাইকও উদ্ধার হয়নি।

লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পরপরই লালন হোসেন তাঁর ইজিবাইকে অপরিচিত একজন যাত্রী নিয়ে লালপুর থেকে কাজীপাড়া হয়ে ভাটপাড়ার উদ্দেশে রওনা হন। রাত সোয়া আটটার দিকে ভাটপাড়ার নির্জন এলাকা দিয়ে যাওয়ার সময় ওই যাত্রী ছুরি দিয়ে তাঁর গলার সামনের অংশে আঘাত করে। এতে তাঁর গলার সামনের অংশ কেটে যায়। পরে দুর্বৃত্তরা তাঁকে ইজিবাইকের পেছনে নিয়ে গোপালপুরের দিকে যায়। গোপালপুর স্টেডিয়ামের সামনে তাঁকে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লালপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, ইজিবাইক চালক লালন হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি শুনেছেন।

আহত চালকের সঙ্গে থাকা আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে লালনের একটি অস্ত্রোপচার হয়েছে। আজ মঙ্গলবার আরেকটি অস্ত্রোপচার হওয়ার কথা আছে।
গত শুক্রবার সাজদার হোসেন নামের এক চালকের ইজিবাইক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের সামনে থেকে চুরি হয়। পরদিন শনিবার দুপুরে একই স্থান থেকে তাছের মণ্ডল নামের একজনের ইজিবাইক চুরি যায়। গত রোববার সন্ধ্যায় আবদুলপুর-বাগাতিপাড়া সড়কের শোব গ্রামে দুর্বৃত্তরা লিটন আলী নামের এক চালককে গুরুতর আহত করে তাঁর গাড়িটি নিয়ে চলে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, এসব ঘটনায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনাক্ত হলে তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে।