কারখানাটিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাসায়নিক দ্রব্যের ব্যবহার করা হচ্ছিল। অথচ তাদের ছিল না কোনো ধরনের সনদ।

পরিবেশ ছাড়পত্র, ফায়ার সনদ, বিস্ফোরক পরিদপ্তরের সনদ—কিছুই নেই। শ্রমিকদের সুরক্ষায় নেই কোনো নিরাপত্তাব্যবস্থাও। অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ব্যবহার করা হয় রাসায়নিক দ্রব্যের। এভাবেই তিন বছর ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বড় মসজিদ এলাকায় চলছিল মোস ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কারখানা। গত শনিবার সন্ধ্যায় এ কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত হন এক শ্রমিক।
নিহত শ্রমিকের নাম ইয়াসিন মিয়া (২৩)। কারখানায় কেমিক্যালের গ্যালন (রাসায়নিকভর্তি প্লাস্টিকের ড্রাম) বিস্ফোরণের ওই ঘটনায় মো. রাব্বি (২৬) ও বিপ্লব কুমার (২৫) নামের দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। রমজান মিয়া (২৭) নামের আরেক শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে থাকা দুজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।
কারখানাটিতে ফাইবারের গ্রিল তৈরি করা হয়। পণ্যটি নতুন। লোহার বা স্টিলের গ্রিলের বিকল্প হিসেবে ফাইবারের গ্রিলও ব্যবহার করা যায়। বিস্ফোরণের সময় কারখানায় থাকা কয়েকজন শ্রমিক জানান, শনিবার সন্ধ্যায় কারখানায় পিকআপ ভ্যানে করে গ্রিলের বিভিন্ন মালামাল ও রাসায়নিকের গ্যালন (রাসায়নিকভর্তি প্লাস্টিকের ড্রাম) আনা হয়। একপর্যায়ে গাড়ি থেকে কেমিক্যালের গ্যালন নামানোর সময় ঝাঁকুনি লেগে বিস্ফোরণ ঘটে। এতে ইয়াসিনের শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। রাব্বি ও বিপ্লব গুরুতর দগ্ধ হন। দ্রুত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিস্ফোরণের ঘটনার পর গতকাল রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা কারখানাটি পরিদর্শন করেছেন। যে রাসায়নিকের গ্যালন থেকে বিস্ফোরণ ঘটে, সেটিতে সাঁটানো স্টিকারে লেখা এটি ‘হার্ডেনিং ওয়েল’। রাসায়নিকটি হংকংয়ের ফর্মুলায় উৎপাদিত। গ্যালনটির ওজন ২০ কেজি। রাসায়নিকটি আগুন, ইলেকট্রনিক বা মেকানিক্যাল শক এবং অতিরিক্ত তাপমাত্রা থেকে দূরে রাখার সতর্কীকরণ নির্দেশনা রয়েছে। ফায়ার সার্ভিস কেরানীগঞ্জ স্টেশনের পরিদর্শক তানভীর আলম বলেন, রাসায়নিকের গ্যালনে হার্ডেনিং ওয়েল ছিল। এ রাসায়নিকের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা দক্ষিণ জোনের পরিদর্শক শামসুজ্জোহা বলেন, কারখানাটিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে রাসায়নিক দ্রব্যের ব্যবহার করা হচ্ছিল। তাদের পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সনদ, বিস্ফোরক পরিদপ্তরের সনদ—কিছুই নেই। তারা খুব বিপজ্জনক ও স্পর্শকাতর অবস্থায় কারখানার কার্যক্রম চালিয়ে আসছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাসায়নিকভর্তি প্লাস্টিকের ড্রামে থাকা চারটি যৌগিক পদার্থের বিক্রিয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
শামসুজ্জোহার ভাষ্য, রাসায়নিক যৌগের বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত সদরঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিক এটি নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার প্রবেশমুখে ৪০-৪৫টি রাসায়নিকের ড্রাম এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্রধান ফটকের সামনে একটি পিকআপ ভ্যান দাঁড় করানো অবস্থায় রয়েছে। পিকআপ ভ্যানের ওপর সাতটি স্টিলের ড্রাম রয়েছে। গত শনিবার ওই পিকআপ ভ্যানে করেই কারখানায় কেমিক্যালের গ্যালন নিয়ে আসা হয়েছিল। বিস্ফোরণের পর পিকআপ ভ্যানের এক পাশের লোহার পাতের বেষ্টনী উড়ে গেছে। গ্যালনে থাকা রাসায়নিক পদার্থ পিকআপ ভ্যানের নিচে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। কারখানাটিতে আগুন নেভানোর জন্য কোনো ধরনের অগ্নিনির্বাপণব্যবস্থা দেখা যায়নি।
কারখানার ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘বিস্ফোরণের ঘটনার সময় আমি কারখানার বাইরে ছিলাম। খবর পেয়ে কারখানায় যাই। তবে রাসায়নিকের তেজস্কিয়তার কারণে ভেতরে যেতে পারিনি। আমাদের কারখানার ফায়ার লাইসেন্স নেই। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ চলছে।’
কারখানার পরিবেশ নিয়ে কথা হয় কয়েকজন শ্রমিকের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন বলেন, ‘আমাদের কারখানার কাজে নিয়মিত কেমিক্যাল (রাসায়নিক) ব্যবহার করা হতো।
তবে আমাদের জন্য মালিকপক্ষ কোনো নিরাপত্তাব্যবস্থা রাখেনি। আমরা জীবনের রিস্ক (ঝুঁকি) নিয়ে কাজ করতাম। এ বিষয়ে মালিকপক্ষকে একাধিকবার জানালেও তারা শোনেনি। তারা আমাদের কথা ভাবলে এ ধরনের ঘটনা ঘটত না।’
বিস্ফোরক পরিদপ্তরের সহকারী পরিদর্শক মো. মেহেদী বলেন, কারখানাটি পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র নেই। কারখানাটিতে রাসায়নিক দ্রব্যের ব্যবহার করা হতো। এ ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বিস্ফোরক পরিদপ্তর থেকে সনদ বা অনুমোদন নিতে হয়। অথচ তাদের কোনো ধরনের সনদ নেই।