
নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ওই স্থান থেকে অবিস্ফোরিত ছয়টি ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ। রাতেই পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা করেন এবং ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাত সাড়ে ১১টার দিকে সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হকের চেম্বারে মিলিত হয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিলেন। এ সময় ওই স্থান থেকে অবিস্ফোরিত ছয়টি ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার নেতা-কর্মীদের আদালতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার, সাবেক সভাপতি আবদুল আজিজ, জেলা বিএনপির সদস্য আবদুর রহিম, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ওরফে হলুদ, যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান ওরফে বাদশা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জহিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও মো. সেলিম মিয়া।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তেল, গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি হওয়ার কথা। কর্মসূচিকে সামনে রেখে গতকাল রাতে রেলগেট এলাকায় পূর্বধলা উপজেলা বিএনপি সভা করে। এ সময় পুলিশ সেখান থেকে ১৩ নেতা-কর্মীকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগ এনে মামলা করে। মামলায় আটক ১৩ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতি’তে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ পূর্বধলা উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে অবস্থান কর্মসূচি ডাকা হয়েছে। যুগপৎ এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকার রাষ্ট্রযন্ত্র পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের পদধারী নেতাসহ অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করেছে। তবে এসব করে বিএনপির আন্দোলনকে দমানো যাবে না।