
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর হামলা চালিয়ে স্বজনেরা দুই মাদক ব্যবসায়ীকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরায়েজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার পর দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. লিটন (২৫) নামের একজনকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরেক মাদক ব্যবসায়ী মো. মাইনুদ্দিনকে (৩০) আজ বৃহস্পতিবার সকালে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক ব্যবসায়ীদের স্বজনদের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদসহ কমপক্ষে ছয়জন হামলায় আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের এসআই আবদুর রশিদসহ একটি দল ফরায়েজী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ লিটন ও মাইনুদ্দিনকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এরপরই সেখানে হামলার ঘটনা ঘটে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ওই দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর তাঁদের স্বজনেরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলা চালান। এ সময় হাতকড়াসহ দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যান তাঁদের স্বজনেরা। তবে গতকাল রাতেই লিটনকে এবং আজ সকালে মাইনুদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।