
এবার ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটিতে প্রত্যাশিত সংখ্যায় পর্যটক ঘুরতে আসেননি। ছুটির পর জেলার হোটেল-মোটেলগুলোতে পর্যটক কিছুটা বেড়েছে তবে সেটিও অন্যান্য বারের তুলনায় কম। ঈদের ছুটিতে যাঁদের পদচারণায় পর্যটনকেন্দ্রগুলো মুখর ছিল তাঁদের বেশির ভাগই ছিলেন রাঙামাটির স্থানীয় লোকজন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহা ছুটিতে এবার রাঙামাটির বিভিন্ন পর্যটনকেন্দ্র পর্যটকদের আগমনের অপেক্ষায় প্রস্তুত করে রাখা হয়েছিল। কাপ্তাই হ্রদে ঘুরতে বিভিন্ন ধরনের নৌযান সাজিয়ে রাখা হয়। এ ছাড়া এবার ঈদের ছুটি বর্ষা মৌসুম হওয়ায় সুবলং এলাকাসহ বিভিন্ন প্রাকৃতিক ঝরনাগুলোতে ঘুরতে নিয়ে যাওয়া ভ্রমণ গাইডরা প্রস্তুত ছিলেন। কিন্তু প্রত্যাশার চেয়ে কম পর্যটক বেড়াতে আসায় তাঁরা হতাশ।
রাঙামাটির হোটেল-মোটেল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় ৫৩টি হোটেল-মোটেল আছে। এগুলোতে প্রতিদিন তিন হাজারের বেশি অতিথি থাকতে পারেন। এবার ঈদুল আজহার ছুটিতে মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে। অথচ অন্যান্য বার ৮০ থেকে ১০০ শতাংশ কক্ষ ভাড়া হয়ে যায়। এ ছাড়া রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে ৮৬টি কক্ষ আছে। এর মধ্যে মাত্র ৬০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে। অথচ অন্য ছুটিতে আগাম ৯০ শতাংশ বুকিং হয়ে যেত।
এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক পর্যটককেন্দ্রেও একই অবস্থা। সাজেকের ১২০টি রিসোর্ট-কটেজে মাত্র ৬০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে। তবে ঈদুল আজহা ছুটির পর ১৩, ১৪ ও ১৫ জুলাই ৮০ থেকে ৮৫ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে বলে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে। এ ছাড়া রাঙামাটি আবাসিক হোটেল-মোটেল ও পর্যটক কমপ্লেক্সেও ছুটির পরে ২০ শতাংশ করে কক্ষ বেশি বুকিং হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, রাঙামাটি শহরে আকর্ষণীয় পর্যটন স্পটের মধ্যে ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, জেলা প্রশাসক বাংলো পার্ক, রাজবাড়ী ও রাজবনবিহার উল্লেখ্যযোগ। এ ছাড়া কাপ্তাই হ্রদে ভ্রমণ ও হ্রদের দ্বীপে গড়ে ওঠা পর্যটন স্পট পেদা টিং টিং গাঙ সাবারঙ, মেজাং, সুবলং ঝরনা, চাংপাং, বড় গাঙসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রগুলোত ঈদুল আজহা ছুটিতে স্থানীয় পর্যটকেরা ভিড় করেন।
সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, ‘এবার ঈদুল আজহার ছুটিতে তেমন পর্যটক আসেননি। আমাদের রিসোর্ট-কটেজগুলোর অর্ধেকের বেশি কক্ষ খালি ছিল। তবে ছুটির পরে কিছুটা পর্যটকের সংখ্যা বেড়েছে।’
রাঙামাটি আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম বলেন, ‘আমরা আশা করছিলাম এবারের ঈদুল আজহা ছুটিতে ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। কিন্তু তা হয়নি, অন্যান্য ছুটির তুলনায় এবার অর্ধেকের চেয়ে কম পর্যটক বেড়াতে এসেছেন।’
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ঈদুল আজহা ছুটিতে তেমন আসেননি। তবে ছুটির পরে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। ছুটির দিনগুলোতে শুধু ঝুলন্ত সেতু ও অন্যান্য বিনোদনকেন্দ্রগুলোয় স্থানীয় লোকজন ঘুরেছেন।