নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় ইসরাত জাহান (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামের একটি বসতঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইসরাত জাহান ফকির চান্দুয়াইল গ্রামের মো. নূর আলমের (২৮) স্ত্রী এবং কৈলাটি ইউনিয়নের চারালকোনা গ্রামের মো. মনির উদ্দিনের মেয়ে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নূর আলমের সঙ্গে ছয় মাস আগে ইসরাত জাহানের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল।

ইসরাতের বাবা মনির উদ্দিন বলেন, গতকাল বিকেলে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন মুঠোফোনে জানান যে তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার পরপর সেখানে গিয়ে দেখেন, মেয়ের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। এ সময় স্বামী ও শ্বশুরবাড়ির কেউই বাড়িতে ছিলেন না। যৌতুক না দেওয়ায় মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রেখে মেয়ের স্বামী-শাশুড়ি পালিয়ে গেছেন বলে তাঁর অভিযোগ। তিনি এর বিচার দাবি করেন।

এ ব্যাপারে জানতে নূর আলমের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজ শনিবার সকালে বলেন, গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বামী পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এটি হত্যা না আত্মহত্যা, সেটি ঘটনার তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।