অনাগত সেই অতিথি এল না, সঙ্গে চিরদিনের জন্য চলে গেল রোখসানা

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল
ফাইল ছবি

টানা আট বছরের প্রেমের পর পাঁচ বছর আগে বিয়ে করেন জাবিদ ও রোখসানা। দুজনই শিক্ষার্থী। আর মাত্র এক মাস পরেই সংসারে নতুন অতিথি আসার কথা ছিল। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রোখসানা। এ নিয়ে দুই পরিবারে বইছিল খুশির জোয়ার। কিন্তু সেই অতিথি ঘরে আসার আগেই ডেঙ্গু ও করোনাভাইরাস কেড়ে নিয়েছে রোখসানার প্রাণ। সন্তানসম্ভবা রোখসানার মৃত্যুতে দুই পরিবারে চলছে এখন মাতম।

আট মাসের অন্তঃসত্ত্বা রোখসানা পারভীন (২৭) গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগে রোখসানা ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন।

রোকসানা বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের জাবিদ হাসানের (২৭) স্ত্রী। জাবিদ স্ত্রীকে নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি বাজারে ভাড়া বাড়িতে বসবাস করতেন। রোখসানার বাবার বাড়ি শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি বাজারসংলগ্ন কুন্দইশ গ্রামে।

ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর রোখসানা করোনায় আক্রান্ত হন। অক্সিজেনের মাত্রা অনেক নেমে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুন্দইশ গ্রামে গিয়ে কথা হয় জাবিদ হাসানের সঙ্গে। জাবিদ বলেন, ‘শৈশব থেকেই শাজাহানপুর উপজেলার দুবলাগাড়িতে বড় হয়েছি। স্কুলে পড়া অবস্থায় পরিচয় হয় রোখসানার সঙ্গে। ৮ বছরের প্রেমের পর ২০১৮ সালে পারিবারিকভাবে আমরা বিয়ে করি। বিয়ের পর দুজনেই পড়াশোনা চালিয়ে গেছি। রোখসানা পড়ত সরকারি আজিজুল হক কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের মাস্টার্স শেষ বর্ষে। আর আমি পড়ছি সরকারি শাহ সুলতান কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স চতুর্থ বর্ষে।’

জাবিদ বলেন, ‘রোখসানা আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। বিয়ের পাঁচ বছরের মাথায় সংসারে নতুন অতিথি আসার খবরে রোখসানা এবং আমার পরিবার ভাসছিল খুশির বন্যায়। কিন্তু হঠাৎ করেই অসুস্থতা অনুভব করে রোখসানা। ১১ জুলাই বগুড়ায় চিকিৎসক দেখানো হয়। বেসরকারি একটি রোগনির্ণয় কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসার একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৭ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন (নারী) ওয়ার্ডে ভর্তি করানো হয় রোখাসানাকে। ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর ২৫ জুলাই করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাঁকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পর গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রোখসানা মারা যান। রাতেই বাবার বাড়ির পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়েছে।’

অশ্রুসজল চোখে জাবিদ হাসান বলেন, ‘এক মাস পর সংসার আলো করে নতুন অতিথি আসার কথা। কিন্তু অনাগত সেই অতিথি এল না, সঙ্গে চিরদিনের জন্য চলে গেল রোখসানা। রোখসানাকে ছাড়া পৃথিবীতে এখন কীভাবে ও কাকে নিয়ে বাঁচব...।’

রোখসানার বাবা রফিকুল ইসলাম বলেন, ‘মাসখানেক পর নানু হতাম। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াটাই কাল হলো। হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে অকালমৃত্যু হলো মেয়ের।’

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক যাকারিয়া রানা বলেন, ১৭ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন রোকসানা। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর তিনি করোনায় আক্রান্ত হন। অক্সিজেনের মাত্রা অনেক নেমে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

বগুড়ার সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম বলেন, গত দুই মাসে জেলায় ডেঙ্গুতে দুজন এবং করোনায় দুজনের মৃত্যু হয়েছে।