
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চাচা পাভেলুর রহমান ওরফে শফিক খান ও তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ভাতিজা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসিবুর রহমান আসিব খান। আজ রোববার দুপুরে মাদারীপুর শহরের বাসভবনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। আসিবুর রহমান খান স্থানীয় সংসদ সদস্য শাজাহান খানের ছেলে। নির্বাচনে অনারস প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাতিজা ও তাঁর কর্মী–সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান।
সংবাদ সম্মেলনে আসিবুর রহমান আসিব খান অভিযোগ করেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান ৮ মে অনুষ্ঠেয় নির্বাচনকে প্রভাব খাটাতে সরকারি কর্মকর্তাদের কাজে লাগাচ্ছেন। এ জন্য ভোটারদের ভয়ভীতি দেখানো থেকে শুরু করে বিভিন্ন স্থানে ভোট কিনতে টাকা বিলাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে বেশ কিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারী প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল। এ ছাড়া পরাজয় জেনেই নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর চাচা সন্ত্রাসী কর্মকাণ্ড করার পাঁয়তারা করছেন।
আসিবুর রহমান খান বলেন, ‘পাভেলুর রহমান খানের সমর্থকেরা আমার সভা-সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আমার নেতা-কর্মীদের এবং হিন্দু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন, টাকার প্রলোভন দেখাচ্ছেন। এমনকি আমাদের কর্মীদের শারীরিক নির্যাতন করা হয়েছে। পোস্টার ছেঁড়া ও পোস্টারের সুতা ছিঁড়ে পোস্টার ফেলে দেওয়া হয়েছে। দুজন সরকারি কর্মচারী মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছেন। পাভেলুর রহমান ও তাঁর কর্মীরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন।’
চাচার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বন্দুক প্রদর্শন করে প্রচার চালানোর অভিযোগ তুলে আসিবুর রহমান খান বলেন, ধুরাইল ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান ও ছিলারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক আকন অসংখ্য মানুষের সামনে প্রকাশ্যে ঘোষণা করেন, আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে যাঁরা কাজ করবেন, তাঁদের সবাইকে কোপানো হবে। এই ঘোষণায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে আসিবুর রহমান খান বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলায় কর্মরত উপসহকারী মো. হেমায়েত হোসেন মোটরসাইকেল প্রতীকের পক্ষে প্রচারকাজে অংশগ্রহণ করছেন। একইভাবে শরীয়তপুরে কর্মরত সমাজসেবা অধিদপ্তরে উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য সরকারি গাড়িতে করে মাদারীপুর সদর উপজেলায় তাঁর নিজ বাড়ি কেন্দুয়ার বিভিন্ন স্থানে নির্বাচনী সভা–সমাবেশে যোগ দিচ্ছেন। মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন সরকারি গাড়ি ব্যবহার করে পাভেলুর রহমান খানের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিচ্ছেন, এটাও আচরণবিধি লঙ্ঘন।
প্রশাসনের সহযোগিতা চেয়ে আসিবুর রহমান বলেন, ‘আমরা বিশেষ সূত্রে সংবাদ পেয়েছি, এই নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করে এই নির্বাচন ভণ্ডুল করার পরিকল্পনা করেছেন পাভেলুর রহমান খান। মাদারীপুরের জনগণ যেকোনো মূল্যে তাঁদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে। আমরা এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’
এসব অভিযোগের বিষয়ে পাভেলুর রহমান বলেন, এই নির্বাচনকে ঘিরে শাজাহান খান তাঁর ছেলের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। আচরণবিধি মানছেন না। ২ মে থেকে তিনি টানা ১০ দিন স্থানীয় কর্মসূচির নামে ছেলের পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন। শাজাহান খান তাঁর প্রভাব বিস্তার করে ভোটারদের ভয়ভীতি দেখানো, প্রশাসনের ওপর চাপ প্রয়োগ, কালোটাকা ছড়ানোর কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। শাজাহান খান ও তাঁর ছেলের বিরূপ কর্মকাণ্ডের ২৫টি অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। এ অবস্থায় ৮ মে অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আহম্মেদ আলী বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে জেলা প্রশাসনও কাজ করে যাচ্ছে। প্রার্থীদের অভিযোগগুলো আমলে নিয়ে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান আসিব খান এবং শাজাহান খানের চাচাতো ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩ দশমিক ১৪ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১। আর পাঁচজন আছেন অন্যান্য ভোটার।