
নাটোরের সিংড়া উপজেলায় বন্দিদশা থেকে একটি বিরল প্রজাতির বাগডাশকে উদ্ধার করে অবমুক্ত করেছেন স্থানীয় পরিবেশকর্মীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উদিশা গ্রাম থেকে বাগডাশটি উদ্ধার করে স্থানীয় একটি জঙ্গলে অবমুক্ত করা হয়।
এ সময় স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস এম রাজু আহমেদ, সহসভাপতি খলিল মাহমুদ, সদস্য আবদুর রশিদ উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গতকাল রাতে তাঁরা খবর পান, উদিশা গ্রামে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। পরে আজ সকালে ওই গ্রামে গিয়ে দেখা যায়, মূলত ওই প্রাণীর নাম বাগডাশ। পরে প্রকৃতি ও পরিবেশের জন্য প্রাণীটি রক্ষার গুরুত্ব তুলে ধরে স্থানীয় গ্রামবাসীকে সচেতন করা হয়। এরপর বন বিভাগের পরামর্শে ওই বাগডাশকে পাশের জঙ্গলে অবমুক্ত করা হয়।
উদিশা গ্রামের বাসিন্দা সবুজ কুমার বলেন, হঠাৎ প্রাণীটি তাঁর বাড়িতে ঢুকে পড়ায় পরিবারের লোকজন ভয় পেয়ে যায়। তখন তাঁরা মেছো বাঘ মনে করে প্রাণীটি আটক করেন। কিন্তু পরিবেশকর্মীদের কাছ থেকে পরে জানতে পারেন প্রাণীটি পরিবেশের জন্য খুব উপকারী। তাই অক্ষত অবস্থায় প্রাণীটি অবমুক্ত করা হয়েছে।
রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, উদ্ধার হওয়া প্রাণীটি দুর্লভ স্তন্যপায়ী প্রাণী বাগডাশ। প্রাণীটি বীজের বিস্তরণে ও খাদ্যশৃঙ্খলে ভূমিকা রাখে। গাছের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। প্রাণীটি বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সংরক্ষিত বলে জানান তিনি।