দক্ষিণাঞ্চলীয় উপকূল

ঝড় নয়, উঁচু জোয়ারেই বেশি ক্ষতি

ঘূর্ণিঝড় সিডরের সময় থেকে এ অঞ্চলের নদ-নদীতে বেশি উচ্চতার জোয়ারের প্রবণতা শুরু।

জোয়ারের পানিতে বসতবাড়ি প্লাবিত। বিপাকে বাসিন্দারা। গত শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম দুর্গাবাটি এলাকায়
ছবি: কল্যাণ ব্যানার্জি

চারদিকে অথই জল। মাঝে ছোট ছোট বসতঘর। ঘরগুলোর নড়বড়ে অবকাঠামোর ওপর টিনের ছাউনি। পুবালি বাতাসে ঢেউ খেলে যায় বেনো জলের দখলে থাকা মাঠগুলোতে। দেখতে ঠিক নদীর মতো। আদতে এসব বিস্তৃত ফসলি খেত, তার মাঝেই ওই সব ঘরবসতি।

দেশের দক্ষিণ উপকূলের জেলাগুলোতে গত মঙ্গলবার থেকে দিন-রাতে দুবার করে অস্বাভাবিক উঁচু জোয়ারের পানিতে ভাসছে হাজার হাজার পরিবার। ঘের-পুকুরের মাছ, খেতের ফসল ভেসে গেছে। এর আগে ৪ জুলাই জোয়ারে বরিশালের বাকেরগঞ্জের চর গজালিয়ায় মারা গেছেন দুই নারী ও এক শিশু। সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্র উপকূলের নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ার যেন এ অঞ্চলে নতুন দুর্যোগে রূপ নিয়েছে।

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতীরের গ্রাম তেঁতুলবাড়িয়া, নলবুনিয়া, আগাপাড়া, জয়ালভাঙা ও বড় আংকুজানপাড়া। এই এলাকা ঘিরে পায়রা-বিষখালী-বলেশ্বর—এই তিন নদ-নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তালতলীর পশ্চিমে পাথরঘাটার হরিণঘাটা, লালদিয়া, চরলাঠিমারা, বাদুরতলাসহ অন্তত ১০ গ্রাম। মোহনা লাগোয়া এসব গ্রামের বাসিন্দাদের জীবন-জীবিকাও বেশি উচ্চতার জোয়ারে এখন বিপর্যস্ত।

তেঁতুলবাড়িয়া গ্রামের গৃহবধূ রানি বেগমের ঘরদোর কয়েক দিন ধরে হাঁটুপানির নিচে। চার সদস্যের সংসার জোয়ারের কবলে এলোমেলো। ঘুম নেই, আহার নেই। গত বৃহস্পতিবার দুপুরে তিনি বলছিলেন, ‘আগে বইন্নায় মোগো জীবনে দুর্গতি অইতো। এহন আর ঝড়-বইন্না অওন লাগে না। জোয়ারের ঝড়ে মোগো জীবন শ্যাষ।’

একই গ্রামের কোহিনুর, জায়েদা, খাদিজা, নাজমা ও নুরজাহান বলেন, ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে রাত–দিন ধৈর্য ধরে, খেয়ে না খেয়ে বেঁচে আছেন। বসতি নেই, খাবার নেই, নলকূপের পানি নেই। নুরজাহানের কথায়, ‘দুই ঘণ্টা হাইট্টা যাইয়্যা কলের (নলকূপ) এক কলস পানি আনছি। এলাকার সব কল পানিতে ডুইব্ব্যা গ্যাছে।’

কোহিনুর, নুরজাহানদের মতো এমন জীবনচিত্র বৃহত্তর অর্থে বরিশাল বিভাগের জেলাগুলোর চর, নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় বসবাসরত প্রায় সব মানুষেরই। কোনো পূর্বসংকেত ছাড়াই কঠিন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হন তাঁরা।

নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ারের এই প্রবণতার শুরু ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের সময় থেকে। এরপর যত ঝড় আঘাত হেনেছে, সব কটিতে জোয়ারের উচ্চতা বেড়েছে। শুধু ঘূর্ণিঝড় নয়, অমাবস্যা-পূর্ণিমার জোতেও ৮ থেকে ১২ ফুট উচ্চতার জোয়ারের কবলে পড়েছে লোকালয়।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বরিশালসহ দক্ষিণ উপকূলের নদ-নদীগুলোতে জোয়ারের উচ্চতা গত দেড় দশকে তিন থেকে চার ফুটের বেশি বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, জলোচ্ছ্বাস রুখতে পারবে, এমন চিন্তা করেই ষাট ও সত্তরের দশকে বাঁধ দেওয়া হয়েছিল। নদীপাড়ে ১০ থেকে ১৩ ফুট এবং অভ্যন্তরে ৮ ফুট উচ্চতার বাঁধ করা হয়েছিল তখন। কিন্তু এখন ১০-১২ ফুট উচ্চতার জোয়ারও রুখতে পারছে না এসব বাঁধ। এ অঞ্চলের নদ-নদীর স্বাভাবিক জোয়ারের সর্বোচ্চ উচ্চতা ৬ দশমিক ৮৫ ফুট।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূল শিক্ষা বিভাগের চেয়ারম্যান হাফিজ আশরাফুল হক বলছিলেন, পানি নামার পথগুলো ভরাট করে গত এক দশকে ব্যাপক নগরায়ণ হয়েছে। ফলে পানি নদী-নালায় সহজে যাচ্ছে না। আগে চারদিকে অনেক জলাধার ছিল, মাটি অনেক বেশি পানি শুষে নিত। এখন সেসবও কমে গেছে। নদীর তলদেশ পলি জমে ভরাট হয়ে বেসিন সংকুচিত হয়েছে। এসবের দীর্ঘমেয়াদি কুফল ভোগ করছে উপকূলের মানুষ।