
পটুয়াখালীর বাউফলে খাল থেকে গতকাল শুক্রবার উদ্ধার হওয়া অর্ধগলিত লাশটি নিখোঁজ হওয়া কলেজছাত্র হৃদয় কবিরাজের (২২) বলেই শনাক্ত করেছে পুলিশ। হৃদয় নিখোঁজ হওয়ার ১৭ দিন পর খুনির দেওয়া তথ্য থেকেই গতকাল উপজেলার ছহির উদ্দিন বিশ্বাস বাড়ির কাছে বাউফল-নওমালা খাল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শুক্রবার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা রুজু হয়েছে। আগের নিখোঁজ ডায়েরির (জিডি) সূত্র ধরে মামলায় বাদী করা হয়েছে হৃদয়ের বাবা হরেন্দ্র কবিরাজকে। এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রথমে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. হাসেম খানের ছেলে মো. জাফর খানকে (২৫) এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয়। পরে আরও দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাঁদের তিনজনকে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার কাওছার মৃধা (২২) নামে আরেক তরুণকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হৃদয় হত্যা মামলায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আল মামুন প্রথম আলোকে বলেন, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে হৃদয়কে খুন করা হয়েছে। হৃদয় হত্যার প্রধান আসামি জাফর। জাফরের স্বীকারোক্তি ও দেখানো মতে হৃদয়ের লাশ, মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত খাঁজুরবাড়িয়া গ্রামের আবু বক্কর (২৫), মো. রাকিব প্যাদা (২২) ও মো. কাওছার মৃধাকে (২২) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জাফর ১৬৪ ধারায় আদালতের বিচারকের সামনে হৃদয়কে খুন করার কথা স্বীকার করে ঘটনার পূর্ণাঙ্গ বর্ণনা দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা যাবে না।
তবে প্রশ্ন উঠেছে, হৃদয় হত্যা মামলাটি অজ্ঞানামা আসামি করে করা হলো কেন? যেখানে হৃদয়কে হত্যার ঘটনায় শুক্রবার মামলা রুজু করার আগেই প্রধান আসামিসহ অন্য আসামিদের আটক করা হয়েছে। মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা রুজু করায় হৃদয়ের পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জাফরের স্বীকারোক্তি ও দেখানো মতে হৃদয়ের লাশ, মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত খাঁজুরবাড়িয়া গ্রামের আবু বক্কর (২৫), মো. রাকিব প্যাদা (২২) ও মো. কাওছার মৃধাকে (২২) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
হৃদয়ের এক চাচা বলেন, মামলা রুজুর আগেই যেহেতু প্রধান হত্যাকারী চিহ্নিত হয়েছে, মামলায় তাঁর নাম উল্লেখ করা হয়নি কেন?
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, হৃদয় যখন খুন হয়েছে, তখন তো হৃদয়ের বাবা জানতেন না কে বা কারা খুন করেছে। এ কারণে কারও নাম উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা হয়েছে। পুলিশ খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় আসামির নাম উল্লেখ না থাকলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।
হৃদয় কবিরাজ উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা হরেন্দ্র নাথ কবিরাজ ও মমিতা রানী দম্পতির ছেলে। তিনি উপজেলার নবারুণ সার্ভে অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র। ৯ জুলাই সপ্তম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। ওই পরীক্ষায় হৃদয় অংশ নিয়েছিলেন। দুই ভাই–বোনের মধ্যে হৃদয় বড়। বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় ১১ জুলাই সন্ধ্যার আগমুহূর্তে মোটরসাইকেল নিয়ে বের হন। বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় ওই দিন রাত পৌনে ১২টার দিকে তাঁর বাবা হরেন্দ্র নাথ ছেলেকে মুঠোফোনে কল করে বাড়ি ফেরার জন্য তাগাদা দিলে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন বলে হৃদয় জানান। কিন্তু ওই রাতে হৃদয় বাড়ি ফেরেননি। পরে ওই রাতে একাধিকবার কল করলে হৃদয়ের ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন সকাল নয়টার দিকে হৃদয় তাঁর মুঠোফোন নম্বর থেকে বাবা হরেন্দ্র নাথের মুঠোফোনে কল করে জানান, তিনি পটুয়াখালী আছেন। এরপর আর হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় হরেন্দ্র ও মমিতা রানী। হরেন্দ্র বলেন, ‘খুনিরা আমার তো সব শেষ কইরা দিছে। আমি খুনিদের ফাঁসি দেখে মরতে চাই।’