তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নাটোরে পদযাত্রা করেছে বিএনপি। তবে একই সময়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ‘শান্তি সমাবেশের’ ডাক দেওয়ায় সংঘাত এড়াতে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগেই কর্মসূচি শুরু করে আধা ঘণ্টার মধ্যে শেষ করে বিএনপি। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি থাকলেও পৌনে ৮টার দিকেই তা শুরু করে দলটি।
জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের এক দফা দাবিতে আজ সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর এলাকায় পদযাত্রা কর্মসূচি ডাকে বিএনপি। কিন্তু একই সময় আওয়ামী লীগ একই এলাকায় শান্তি শোভাযাত্রা ও সমাবেশ ডাকে। এতে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রতিপক্ষের হামলার আশঙ্কায় পৌনে নয়টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করেন বিএনপির নেতারা। পদযাত্রায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী দলীয় ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন। নাটোর-রাজশাহী সড়কে প্রায় এক কিলোমিটার পদযাত্রা করে নাটোর নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ মাঠ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব রহিম নেওয়াজসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। বর্তমান সরকারকে অবৈধ ও স্বৈরতান্ত্রিক বলে আখ্যায়িত করেন বক্তারা। তাঁরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি করেন।
এ দিকে বাধাহীনভাবে পদযাত্রা শেষ করলেও বিএনপি নেতা-কর্মীরা ফেরার সময় তাঁদের হাত থেকে ব্যানার, ফেস্টুন ও লাঠি কেড়ে নিতে দেখা যায় পুলিশকে। জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, শেষ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি ব্যাপক অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ ছিল। তবে তিনি অভিযোগ করেন, সমাবেশ শেষ করে নেতা–কর্মীরা যখন দলীয় কার্যালয়ের দিকে ফিরছিলেন, তখন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের হাত থেকে ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়। এতে অনেকে আপত্তি করলে তাঁদের লাঞ্ছিত করা হয়।
তবে বিএনপি নেতা-কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, নাটোরে বাধাহীনভাবে বিএনপি কর্মসূচি পালন করেছে। নিরাপত্তার স্বার্থে কর্মসূচি শেষে তাঁদের কাছে থাকা লাঠি কেড়ে নেওয়া হয়েছে।