আদালতে আত্মসমর্পণের পর টাঙ্গাইলের সাবেক মেয়র সহিদুর আবার কারাগারে

হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান আজ আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে সহিদুর রহমান খান আত্মসমর্পণ করলে বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। এর আগে ২০ নভেম্বর উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ২২ নভেম্বর কারামুক্ত হন সহিদুর রহমান।

আদালত সূত্র জানায়, ২৬ নভেম্বর আপিল বিভাগের আদেশের তথ্য গোপনসহ সহিদুরের জামিন আবেদন ঘিরে কিছু অসংগতির অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে সহিদুরের জামিনের আদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ওই বেঞ্চ ৪৮ ঘণ্টার মধ্যে সহিদুরকে টাঙ্গাইলের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। এর আগে আপিল বিভাগ গত ২৭ আগস্ট এক আদেশে সম্ভাব্য ছয় মাসের মধ্যে মামলাটির বিচারকাজ শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন। এতে তথ্য গোপনের বিষয়টি নজরে এলে শুনানির পর আত্মসমর্পণের ওই আদেশ দেন হাইকোর্ট।

২২ নভেম্বর কারামুক্ত হওয়ার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন সহিদুর রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে আদালতে আসেন সহিদুর রহমান। এ সময় তাঁর বাবা টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান ও তাঁর ভাই সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান ওরফে রানা তাঁর সঙ্গে ছিলেন।

২০২০ সালের ২ ডিসেম্বর সহিদুর আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। মাঝে গত বছর অন্তর্বর্তী জামিন নিয়ে ১৮ দিন কারাগারের বাইরে ছিলেন তিনি। ২০১৩ সালের ১৮ জানুয়ারি কলেজপাড়ার বাসার কাছ থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্টে পুলিশ আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান, তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গোয়েন্দা পুলিশ আদালতে আমানুর রহমান, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।